প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্বকালীন সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলির নথিপত্র চেয়ে নিয়েছে।
এই তথ্যটি আজ সাংবাদিকদের জানিয়েছেন দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে সংস্থাটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও নথি দুদকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিটি দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মো. জাহিদ কালামের স্বাক্ষরিত। এতে বলা হয়েছে, অভিযোগের নিরপেক্ষ অনুসন্ধান পরিচালনা এবং প্রতিবেদন দাখিলের জন্য চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মেয়াদকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত তথ্যাদি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক রেকর্ডপত্রও তলব করা হয়েছে।
এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ৭ মে এবং ২০২৬ সালের ১৮ এপ্রিলের দুটি স্মারকের মাধ্যমে সম্পন্ন বদলি সংক্রান্ত নথির সত্যায়িত অনুলিপি চেয়েছে দুদক।
৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে চলতি দায়িত্ব প্রদান, দায়িত্ব বাতিল এবং পদায়ন সংক্রান্ত যাবতীয় নথির সত্যায়িত অনুলিপি চাওয়ার পাশাপাশি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে কর্মরত কিছু সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ব্যক্তিগত নথির সত্যায়িত অনুলিপিও তলব করেছে কমিশন।
চিঠিতে উল্লিখিত তথ্যাদি এবং সংশ্লিষ্ট বিদ্যমান বিধিবিধান ও সহায়ক নথি যথাসময়ে সরবরাহের জন্য অনুরোধ জানানো হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়মবহির্ভূত সুবিধা প্রদান, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কর্মকর্তাদের সুরক্ষাবলয় তৈরি করে বহাল রাখার অভিযোগ রয়েছে, যা কমিশন বর্তমানে খতিয়ে দেখছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন