প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সার্বক্ষণিক দৃশ্যমান স্থানে পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়েছে। একইসঙ্গে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ এবং নিয়ন্ত্রণের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপ-সচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত একটি স্মারকে কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্মারকে উল্লেখ করা হয়, সচিবালয়ে স্থায়ী, অস্থায়ী, সভায় অংশগ্রহণকারী এবং ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার করে বিভিন্ন দর্শনার্থী প্রবেশ করেন। প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করার কারণে এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড দৃশ্যমান রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সকল কর্মকর্তা-কর্মচারীকে তাদের আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগকে।
২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণের জন্য আরও কিছু নির্দেশনা প্রদান করা হয়। ওই নির্দেশনায় বলা হয়, সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের কার্যক্রম সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ ও তদারকির স্বার্থে প্রবেশ নিয়ন্ত্রণ করা অপরিহার্য।
নির্দেশনায় উল্লেখ করা হয়, সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকার দিনগুলোতে সচিবালয়ের বাইরের অফিসের সঙ্গে সভার সংখ্যা যতটা সম্ভব সীমিত রাখতে হবে। এছাড়া, দর্শনার্থীদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে বেলা ২টা নির্ধারণ করা হয়েছে, সেই অনুযায়ী ওটিপি প্রদান করতে বলা হয়েছে। সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। তাছাড়া, ছুটিতে যাওয়া কর্মকর্তাদের জন্য ছুটিকালে ওটিপি প্রদান বন্ধ রাখতে বলা হয়েছে।
সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার জন্য এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন