প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পূর্ব চীন সাগরে চীনা ‘গুপ্তচর’ (গোয়েন্দা) বিমান শনাক্ত হওয়ার পর টানা চার দিন জাপানের যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। সোমবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জয়েন্ট স্টাফ এ তথ্য জানিয়েছে। খবর কিয়োডো নিউজের।
জয়েন্ট স্টাফের তথ্যমতে, গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশসীমার কাছে চীনের ওয়াই-৯ গোয়েন্দা বিমান শনাক্ত করা হয়। বিমানগুলো কিউশু দ্বীপের পশ্চিমে অবস্থিত দানজো দ্বীপপুঞ্জ এবং ওকিনাওয়ার প্রধান দ্বীপের কাছাকাছি পূর্ব চীন সাগরের ওপর দিয়ে উড়েছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানগুলো চীনের মূল ভূখণ্ডের দিক থেকে এসেছিল। তবে কোনো বিমানই জাপানের আকাশসীমায় প্রবেশ করেনি।
চীনা বিমানের গতিবিধি পর্যবেক্ষণ ও সতর্কতার অংশ হিসেবে জাপানের এয়ার সেলফ-ডিফেন্স ফোর্স যুদ্ধবিমান পাঠায়। ২০২৫ অর্থবছরে জাপান মোট ৫৯৫ বার যুদ্ধবিমান মোতায়েন করেছে। এর মধ্যে চীনা বিমানের জবাবেই ৩৬৬ বার, যা মোট মোতায়েনের প্রায় ৬০ শতাংশ।
কিয়োডো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, টোকিও ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ার মধ্যেই সর্বশেষ এ ঘটনা ঘটল। তবে এ বিষয়ে চীনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন