প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনার বেতাগীতে সাবেক ছাত্রদল নেতার বাসায় পুলিশের অভিযানে মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতিও রয়েছেন। অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকায় সাবেক ছাত্রদল নেতা মো. রাজীব হোসেন জোমাদ্দারের বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল আমিন হাওলাদার (৩০), উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজীব হোসেন জোমাদ্দার (৩৮), সাবেক সহসভাপতি মো. নাঈম খান (৩৩) এবং ছাত্রদলের কর্মী মো. মোনায়েম (৩৪)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রাজীব হোসেন জোমাদ্দারের বাসায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
ঘটনাটি নিয়ে বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানান, ছাত্রলীগের নেতাদের সঙ্গে মাদক সেবনের অভিযোগে ছাত্রদলের সাবেক দুই নেতা আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে আটক দুজন বর্তমানে ছাত্রদলের কোনো কমিটিতে নেই। তাঁরা আগের কমিটিতে দায়িত্ব পালন করেছিলেন।
বেতাগী থানার ডিউটি অফিসার এএসআই নাজমুল জানান, দুটি রাজনৈতিক সংগঠনের চারজনকে মাদকসহ আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বরগুনার পুলিশ সুপার (পিপিএম) মোহাম্মদ কুদরত-ই-খুদা জানান, মাদক সেবনের সময় ছাত্রলীগ ও ছাত্রদলের চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের মধ্যে আগের মামলার আসামিও রয়েছেন বলে জানান তিনি।
পুলিশের এ অভিযান ও আটকের ঘটনায় বেতাগীর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন