প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবানে অভিবাসীবিরোধী বিক্ষোভের সময় জনতার পিটুনিতে এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, হামলার শিকার ওই ব্যক্তির ওপর প্রায় ৫০ জনের একটি দল আক্রমণ করে। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে এই ঘটনার বিস্তারিত জানানো হয়েছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, নিহত ব্যক্তি ডারবানের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার একটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাকে ঘিরে ধরে হামলা চালানো হয়। পরে ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত ব্যক্তির জাতীয়তা এখনও প্রকাশ করেনি পুলিশ। তবে তার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
দক্ষিণ আফ্রিকায় বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কয়েক মাস ধরে বিক্ষোভ ও উত্তেজনা অব্যাহত রয়েছে। ডারবান শহর এসব বিক্ষোভের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দুই সপ্তাহ আগে অভিবাসীবিরোধী মিছিলের পর সেখানে লুটপাট ও সহিংসতার ঘটনাও ঘটে।
গত জুন মাস থেকে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করা আফ্রিকান অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ শুরু হয়। এসব কর্মসূচির কিছু অংশ সহিংসতায় পরিণত হয়েছে।
নাইজেরিয়া, মোজাম্বিক, মালাউইসহ কয়েকটি দেশের সরকার জানিয়েছে, তাদের নাগরিকদের মধ্যে কেউ কেউ বিদেশিবিদ্বেষী হামলায় নিহত হয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ কিছু ঘটনার ক্ষেত্রে মৃত্যুর সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পর্ক থাকার কথা উল্লেখ করে দাবি নিয়ে আপত্তি জানিয়েছে।
সহিংসতা এড়াতে সাম্প্রতিক মাসগুলোতে দেশটি থেকে বহু অভিবাসী চলে গেছেন, যা কয়েক দশকের মধ্যে অন্যতম বড় দেশত্যাগের ঘটনা। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে অনেক বিদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে সরকার।
দক্ষিণ আফ্রিকা, আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ, যেখানে কর্মসংস্থান ও উন্নত জীবনের আশায় প্রতিবেশী দেশগুলো থেকে বহু মানুষ আসেন। তবে দেশের বিভিন্ন জনগণের অভিযোগ, কর্মসংস্থানের সুযোগ সীমিত এবং সরকারি সেবার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অভিবাসীবিরোধী সহিংসতার নিন্দা করেছেন। তিনি সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার কারণে অনথিভুক্ত অভিবাসীদের প্রবেশ ও অবস্থান করার বিষয়টিও স্বীকার করেছেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার ৬ কোটি ২০ লাখ মানুষের মধ্যে প্রায় ২৪ লাখ বিদেশি নাগরিক বসবাস করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন