প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ওপর একই সঙ্গে আরও দুই উপজেলার অতিরিক্ত দায়িত্ব থাকায় তিন উপজেলার মাধ্যমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে একজন কর্মকর্তাকে। এতে নিয়মিত দাপ্তরিক কাজ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও তদারকিতে বাড়তি চাপ তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম বর্তমানে তাঁর মূল দায়িত্বের পাশাপাশি রাজাহাট ও ফুলবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
এর মধ্যে রাজাহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। গত ২৫ মে পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন আব্দুর রব। তিনি বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার পর পদটি শূন্য হয়। এরপর ২৯ মে থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মাহাতাব হোসেন। পরে ১১ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পান কামরুল ইসলাম।
বর্তমানে নাগেশ্বরী উপজেলার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি রাজাহাট ও ফুলবাড়ী উপজেলার শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রমও তাঁকে দেখভাল করতে হচ্ছে। ফলে তিন উপজেলার শিক্ষা কার্যক্রম, দাপ্তরিক কাজ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও মনিটরিংয়ের দায়িত্ব একজন কর্মকর্তার ওপর কেন্দ্রীভূত হয়েছে।
এদিকে রাজাহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, অফিস সহায়কসহ একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে জনবল সংকটও রয়েছে সেখানে।
সংশ্লিষ্টদের মতে, একজন কর্মকর্তার ওপর একাধিক উপজেলার দায়িত্ব থাকায় নিয়মিত শিক্ষা কার্যক্রম তদারকি ও প্রশাসনিক কাজ পরিচালনায় অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। দ্রুত শূন্য পদগুলোতে জনবল নিয়োগ করা হলে তিন উপজেলার শিক্ষা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন