প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই সরবরাহের উদ্দেশ্যে বই ছাপা ও বাঁধাইয়ের কার্যক্রম দ্রুতগতিতে চলছে। কিছু অসাধু ছাপাখানা কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিম্নমানের কাগজে বই ছাপানোর মাধ্যমে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করছে।
পাঠ্যপুস্তক বোর্ড যে প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ করেছে, তারা নিজেই ছাপাখানার কাছ থেকে ঘুস গ্রহণ করে নিম্নমানের কাগজে বই ছাপানোর অনুমোদন প্রদান করছে।
তদারককারী প্রতিষ্ঠান দুটি হলো- ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন বিডি এবং ইনডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস বিডি। ইনফিনিটি প্রাথমিক স্তরের বইয়ের মান যাচাইয়ের দায়িত্বে রয়েছে এবং ইনডিপেনডেন্ট মাধ্যমিক ও ইবতেদায়ির বইয়ের মান পরীক্ষা করছে।
এদিকে, ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন বিডিকে নিম্নমানের কাগজে বই ছাপানোর অনুমোদন দেওয়ার কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শোকজ নোটিশ প্রদান করেছে। প্রতিষ্ঠানটি প্রাথমিক স্তরের প্রায় ৯ কোটি পাঠ্যবইয়ের কাগজ, বাঁধাই এবং কাটিংসহ সার্বিক মান পরীক্ষা করছে।
সম্প্রতি এনসিটিবির সচিব শাহ মুহাম্মদ আল ফেরদৌসের সই করা শোকজ নোটিশটি প্রদান করা হয়। এতে প্রতিষ্ঠানটিকে তিন কর্মদিবসের মধ্যে শোকজ নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রতিনিধিদল গত ৩০ আগস্ট ঢাকার আমুলিয়ায় সরকার প্রেস পরিদর্শনকালে প্রাক-প্রাথমিক শ্রেণির বই মুদ্রণের পাশাপাশি নিষিদ্ধ বিভিন্ন শ্রেণির নোট ও গাইড ছাপানোর কাজ চলমান দেখতে পায়। সেখানে বিভিন্ন মানের কাগজ (নিউজ প্রিন্টসহ) বিশৃঙ্খলভাবে স্তূপীকৃত ছিল। স্পেসিফিকেশন অনুযায়ী প্রি-প্রাইমারি বই মুদ্রণের জন্য যে মানের কাগজ ব্যবহার করার কথা, বাস্তবে তার চেয়ে নিম্নমানের কাগজ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এতে আরও বলা হয়, ছাপানো ফর্মা দৈবচয়ন ভিত্তিতে পরীক্ষা করেও কাগজের জিএসএম ৭২, ৭৬, ৭৭, ৭৯, ৮১ এবং ৮২ পর্যন্ত পাওয়া গেছে। আপনার প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যায়িত অব্যবহৃত নতুন কাগজের রোল পরীক্ষা করেও জিএসএমের মানে তারতম্য পাওয়া গেছে। আপনার পিডিআই প্রতিনিধি উপস্থিত থাকলেও তার দায়িত্বপালনে শিথিলতা দৃশ্যমান রয়েছে মর্মে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
‘এমতাবস্থায়, আপনার প্রতিষ্ঠান কর্তৃক দায়িত্বে অবহেলা চুক্তির শর্তভঙ্গের দায় মনিটরিং প্রতিনিধির নিষ্ক্রয়তা পাওয়া গেলে দরপত্র দলিল ও পিপিআর-২০২৫ এর শর্ত মোতাবেক কার্যাদেশ বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, তা তিন কর্মদিবসের মধ্যে লিখিত আকারে জমা দিতে নির্দেশ প্রদান করা হলো’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন বিডির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সিরাজীম মুনির বলেন, ‘আমি কোনো শোকজের চিঠি পাইনি। হয়তো অফিসের লোকজন শোকজ পেয়ে জবাব দিয়েছে। আমি বিষয়টি জানি না। সরকার প্রেসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় চিঠি দেওয়ার আগে আমিই এনসিটিবির সদস্যকে চিঠি দিয়ে জানিয়েছি।’
তবে এনসিটিবির সচিব শাহ মুহাম্মদ আল ফেরদৌস এবং আরও দুজন কর্মকর্তা ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন বিডিকে শোকজ করার সত্যতা স্বীকার করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন