প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ও যুক্তরাজ্য জলবায়ু খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় কার্যকর করার জন্য আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করার উপায় নিয়ে আলোচনা করেছে।
এ তথ্য জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
সোমবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। উভয় পক্ষ সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনার মধ্যে কপ৩১ জলবায়ু সম্মেলনে উচ্চপর্যায়ের বৈঠকগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়।
ব্রিটিশ হাইকমিশনার প্রতিমন্ত্রীকে জানান, কপ৩১ সম্মেলনে যুক্তরাজ্য নতুন একটি জলবায়ু বিনিয়োগ তহবিলের আওতায় প্রাথমিকভাবে ৪০০ মিলিয়ন পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এই তহবিলের লক্ষ্য হলো পরিচ্ছন্ন জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করা।
এ তহবিল ব্যবস্থার আওতায় অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে আরও জলবায়ু বিনিয়োগ আকৃষ্ট করার উপায় নিয়েও আলোচনা হয়।
এছাড়া, আগাম সতর্কতা ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পাটের মতো প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর বিষয়ে সহযোগিতা নিয়ে দুই পক্ষ আলোচনা করেন।
গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজে’র সাম্প্রতিক রায়কে স্বাগত জানান শামা ওবায়েদ ইসলাম।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করা হয়েছে।
রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ আরও জোরদারে যুক্তরাজ্যের সহযোগিতা প্রত্যাশা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে অব্যাহত সমর্থনের জন্য তিনি যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান।
রোহিঙ্গাদের পক্ষে সোচ্চার ভূমিকা রাখায় যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবরা সোফিকেও ধন্যবাদ জানান শামা ওবায়েদ। কক্সবাজারের শরণার্থী শিবিরে তার সাম্প্রতিক সফরসহ রোহিঙ্গাদের জন্য বিভিন্ন উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সহায়তা করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন সারাহ কুক।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, সৃজনশীল অর্থনীতি, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার নিয়েও আলোচনা হয়।
সম্প্রতি যুক্তরাজ্য সফরের কথা উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান জাদুঘরের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন