প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার আহমেদ শাহরিয়ার রেজা, যিনি দীপ নামে পরিচিত, তাকে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, দুপুর সোয়া ২টার দিকে আসামি দীপকে আদালতে হাজির করা হয় এবং সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে তাকে শুনানির জন্য এজলাসে তোলা হয়।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানির সময় দাবি করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের ভিডিও প্রকাশ করার কারণে তাহসিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। অন্যদিকে, ‘মিডিয়া ট্রায়াল’ এবং বিচারকার্য ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার আশঙ্কায় আসামিপক্ষ থেকে এদিন কোনো জামিন আবেদন করা হয়নি। শুনানি শেষে আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, নিহত কে এম তাহসিফ সৌরি তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত ২৭ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে আসামি দীপ তাকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকেই তাহসিফ নিখোঁজ ছিলেন।
পরদিন, ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে খবর পেয়ে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে নিহতের ট্রাউজারের পকেটে থাকা একটি মুঠোফোনের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করা হয়।
তদন্তকারী কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, ঘটনার দিন নিহত সৌরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন আসামি দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছেন, নিহত সৌরি তার সিনিয়র বড় ভাই ছিলেন।
প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে আসামির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে আবেদনে দাবি করা হয়। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন এবং মূল রহস্য উন্মোচনে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে উল্লেখ করে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন