প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাইকোর্ট আইনজীবী হিসেবে সনদ গ্রহণের পর আইন পেশায় যুক্ত না হয়ে চাকরি, ব্যবসা বা অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উচ্চপর্যায়ের তদন্ত বা সতর্কতা কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেছেন। একইসঙ্গে, এ ধরনের আইনজীবীদের সতর্ক করার উদ্দেশ্যে বহুল প্রচারিত জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে।
বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এ আদেশ জারি করেন। বার কাউন্সিলের সচিব এবং সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের প্রতি এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া গত ২৬ অক্টোবর রিটটি দাখিল করেন, যাতে আইন পেশার বাইরে চাকরি, ব্যবসা বা অন্য পেশায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া, এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান।
আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া আদালতকে জানান, উচ্চপর্যায়ের তদন্ত বা সতর্কতা কমিটি গঠনের পাশাপাশি দ্বৈত পেশায় যুক্ত আইনজীবীদের বিষয়ে জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তির মাধ্যমে আইনজীবীদের সনদ বা লাইসেন্স সমর্পণ না করে অন্য পেশা বা ব্যবসায় যুক্ত থাকার বিরুদ্ধে সতর্কবার্তা প্রদান করা হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।
এর আগে, আইন পেশার সনদ নিয়েও চাকরি, ব্যবসা ও অন্যান্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭২ সালের বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশের ৭০ অনুচ্ছেদ ও আচরণবিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া। তিনি ২০২৩ সালের ৩০ জানুয়ারি বার কাউন্সিলের সচিবের কাছে ওই আবেদন জমা দেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, আইন পেশার মর্যাদা রক্ষা করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। কিন্তু অনেক আইনজীবী সনদ গ্রহণের পর আইন পেশার পাশাপাশি বিভিন্ন ব্যবসা-বাণিজ্য, চাকরি, ঠিকাদারি, পরিবহন ব্যবসা, গাড়ির শোরুম, ইট-বালু-সিমেন্টের ব্যবসাসহ নানা কাজে যুক্ত রয়েছেন। কেউ কেউ বিদেশে অবস্থান করেও চাকরি করছেন। আবার অনেকে সনদ সমর্পণ না করেই সরকারি-বেসরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানে, বিমা কোম্পানি, ওষুধের ফার্মেসি এবং মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে পূর্ণকালীন বা খণ্ডকালীন চাকরি করছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। আবেদনকারীর মতে, এসব কর্মকাণ্ড বার কাউন্সিলের আইন ও আচরণবিধির পরিপন্থী এবং এতে আইন পেশার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
আবেদন করার পর কার্যকর পদক্ষেপ না পাওয়ায় গত ১২ আগস্ট বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের আইনি নোটিশ পাঠান তিনি। পরে ২০২৩ সালের ৩০ জানুয়ারি করা আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টে রিট করেন।
রিটের বিষয়ে আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া জানান, ২০২৩ সালের ৩০ জানুয়ারি করা আবেদন নিষ্পত্তিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন