প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ন্যানোবায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই) ল্যাব মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট স্টেশন (সিএইএস)-এর সঙ্গে কৃষিতে ন্যানোপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও গবেষণায় যৌথভাবে কাজ করার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এনএএমই ল্যাবের পরিচালক ও যবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান এবং সিএইএসের পরিচালক ড. জেসন সি. হোয়াইট এই সমঝোতা স্মারকে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন।
এই পাঁচ বছর মেয়াদি চুক্তির আওতায় ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন বিশেষ করে ন্যানো-সার ও ন্যানো-কীটনাশক উদ্ভাবন এবং এর ব্যবহার নিয়ে যৌথ গবেষণা পরিচালিত হবে। পাশাপাশি, যবিপ্রবির এনএএমই ল্যাবের গবেষক ও শিক্ষার্থীরা এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সিএইএসে গবেষণার সুযোগ পাবেন। এটি যৌথ আন্তর্জাতিক গবেষণা প্রকল্পেও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করবে।
যৌথ উদ্যোগ সম্পর্কে অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান বলেন, এই চুক্তিটি ন্যানো-কৃষি খাতে গবেষণার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এটি টেকসই কৃষি সমাধানের পথ প্রসারিত করবে এবং স্থানীয় গবেষকদের আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার জন্য বড় সুযোগ তৈরি করে দেবে।
প্রসঙ্গত, সিএইএস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্বের শীর্ষস্থানীয় ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি গবেষণা কেন্দ্রগুলোর অন্যতম। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রথম কৃষি গবেষণা কেন্দ্র। সিএইএসের মূল লক্ষ্য হলো গবেষণা পরিচালনা করা, সাধারণ মানুষকে শিক্ষিত করা এবং কৃষি, জনস্বাস্থ্য ও পরিবেশগত সমস্যা সমাধানে সচেষ্ট ব্যক্তিদের কাছে নতুন গবেষণালব্ধ তথ্য পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন