প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রমত্তা মেঘনা নদী যেখানে আছড়ে পড়েছে বঙ্গোপসাগরের অথৈ নীল জলরাশির নিরুদ্দেশ ঠিকানায়, ঠিক সেই মোহময় সৌন্দর্যপুরীতে তিল তিল করে সঞ্চিত পলিমাটিতে গড়ে ওঠা দ্বীপের নাম চর কুকরি-মুকরি। পঞ্চাশের দশকে ডুবোচর হিসেবে মাথাচাড়া দেওয়া এই ভূখণ্ডটি এখন এক বিস্ময়ের নাম—সুবিশাল গহিন বন। ভ্রমণপিপাসুদের কাছে এটি এমন এক গন্তব্য, যেখানে খুঁজে পাওয়া যায় জীবনের ভিন্ন স্বাদের এক অনাবিল সার্থকতা।
দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন এই ভূখণ্ডে বন বিভাগের নিরন্তর চেষ্টা, অপরিসীম ত্যাগ, অবর্ণনীয় শ্রম এবং বহু বনকর্মীর জীবন ও নিষ্ঠার ফসল হিসেবে সৃজিত হয়েছে এই নান্দনিক সবুজ বনানী। হরিণ, বন্য শূকর, সজারু, গুইসাপ, বুনো মহিষ, কচ্ছপ, বিচিত্র প্রজাতির সাপ ও অপরিমেয় সংখ্যক পাখির কলকাকলিতে মুখর এই বনাঞ্চল আজ জীববৈচিত্র্যের এক অনন্য আশ্রয়স্থল। পাখপাখালির অনবদ্য আবাস হিসেবে গড়ে তোলা এই বন এখন সৌন্দর্য, সমৃদ্ধি ও নান্দনিকতার সুনিপুণ সমাহারে দেশের এক অমূল্য সম্পদ।
পর্যটকদের কাছে চর কুকরি-মুকরি মানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এক জ্বলজ্বলে নক্ষত্র, অমোঘ সম্মোহনী ডাক। চারদিকে সাগরবেষ্টিত, বাতাস আর ঢেউয়ের দোলায় উত্তাল সাগরের বুকে সগৌরবে দণ্ডায়মান এই দ্বীপের বেলাভূমির তীরে দাঁড়িয়ে আছে এক সুউচ্চ ওয়াচ-টাওয়ার। এটি কেবল বন বিভাগের একটি স্থাপনাই নয়, বরং সাগরবক্ষে আগত পর্যটকদের জন্য বন বিভাগের গর্বিত নির্মাণশৈলীর এক অনবদ্য উপহার। সুবিশাল বনের ওপর থেকে দিগন্তের আকাশছোঁয়া সৌন্দর্যের ঝলক দেখতে এবং সাগরের ঢেউয়ের বুকে জীবনের হিসাব মেলাতে গড়ে তোলা হয়েছে এই স্থাপনাটি।
সাগরবক্ষে পলিমাটির বুকে জেগে ওঠা এই বিস্ময়ের প্রকৃতি ও পরিবেশ বর্ণনার চেয়েও হাজার গুণে সমৃদ্ধ। সবুজ চাদর ভেদ করে আকাশ ছোঁয়ার স্বপ্ন আর সাগরের উত্তাল ঢেউয়ের ছন্দে কান পেতে নিমিষেই হারিয়ে যাওয়া যায় প্রাত্যহিক জীবনের ফেলে আসা ক্লান্তিকর দিনগুলোর স্মৃতি মুছে, উজ্জীবিত এক নবজীবনের হাতছানিতে।
জীবনকে নতুন করে সাজাতে এর কূল ঘেঁষে বয়ে চলা মেঘনার উত্তাল ঊর্মিমালা, সাগরের শনশন ধ্বনি, পাখপাখালির মেলা, আছড়ে পড়া ঢেউয়ের বুকে পড়ন্ত সূর্যের বিকিরণ আর রাতের আকাশের চাঁদ চুপিসারে নেমে আসা সাগরের ঢেউয়ের দোলা—সব মিলিয়ে এটি যেন পৃথিবীর সব সুখের আতিথেয়তায় মোড়ানো এক স্বপ্নিল জগৎ।
নিজেকে হারিয়ে ফেলে বারবার খুঁজে পাওয়ার এক নৈসর্গিক ঠিকানা এটি। প্রকৃতি, সৌন্দর্য আর সমৃদ্ধির এমন মায়াবী মেলবন্ধনে চর কুকরি-মুকরি তাই ভ্রমণপিয়াসীদের কাছে চিরকালই এক জ্বলজ্বলে নক্ষত্র।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন