প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যটিকে উত্তরপ্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে তিনি রাজ্যে চলমান ‘পুলিশি এনকাউন্টার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে সমালোচকদের ভিসা ছাড়াই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বিতর্কিত মন্তব্য করেন।
পিটিআই-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর গত ছয় মাসে রাজ্যজুড়ে পাঁচটি কথিত পুলিশি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কারণে রাজ্যে তীব্র বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলো এসব ঘটনার প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলে জানিয়েছে, বিচারবহির্ভূত বলপ্রয়োগ আইনের শাসন ও বিচারব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা নষ্ট করতে পারে।
তবে বিরোধীদের সমালোচনা নাকচ করে দিলীপ ঘোষ দাবি করেন, ‘অপরাধপ্রবণ সমাজকে অপরাধমুক্ত করতে’ এনকাউন্টার একটি প্রয়োজনীয় পদক্ষেপ। তিনি রাজ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে বলেন, “একটা সময় পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল। আমরা বাংলাকে উত্তরপ্রদেশ ও গুজরাট বানাব। কারও সাহস থাকলে আটকে দেখাক। বাংলায় থাকতে যাদের সমস্যা হচ্ছে, তাদের চলে যাওয়া উচিত।”
সমালোচকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “যাদের সমস্যা আছে, তারা বাংলাদেশে চলে যেতে পারে। আমি বিনা ভিসায় পাঠিয়ে দেব। আমি দরজা খুলে দিচ্ছি।”
অপরাধ দমনে বুলডোজার নীতি ও এনকাউন্টারের পক্ষে অবস্থান নিয়ে এই বিজেপি নেতা বলেন, “প্রয়োজনে আরও অনেক কিছু হবে। শুধু এনকাউন্টারের কথা বলছেন কেন? বুলডোজার কি চলছে না? সমাজ ও রাজনীতিকে অপরাধীমুক্ত করতে হবে। আইন ও পুলিশ সবকিছু ঠিক করার জন্য কাজ করছে।” তার মতে, যাদের পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই, তারা অপরাধীদের সঙ্গে আপস করে, কিন্তু তাদের সরকার তা করবে না।
বক্তব্যে সাম্প্রদায়িক ও আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ নারীদের নিরাপত্তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “হিন্দু মা-বোনদের দিকে কেউ খারাপ নজরে তাকালে বীরভূমের (সাম্প্রতিক এনকাউন্টার) মতোই পরিণতি হবে। ৫০০টি এনকাউন্টারও যথেষ্ট হবে না।” গত ৫০ বছর ধরে গ্রামবাংলায় অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়িয়েছে এবং নারীরা ভয়ে বাজারে বের হতে পারতেন না বলেও তিনি মন্তব্য করেন।
সংবাদমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, দিলীপ ঘোষের এই মন্তব্য পশ্চিমবঙ্গের আঞ্চলিক পরিচয় ও বাঙালি অস্তিত্ব নিয়ে চলমান রাজনৈতিক বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে। ঐতিহাসিকভাবে তৃণমূল কংগ্রেস বিজেপিকে ‘বহিরাগত’ ও ‘বাঙালি-বিরোধী’ হিসেবে আখ্যা দিয়ে আসছে। ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল এই আঞ্চলিক পরিচয়ের বিষয়টিকে সামনে রেখে সফলতা পেলেও, ২০২৬ সালের ব্যাপক বিতর্কিত বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি। ক্ষমতা পরিবর্তনের পর বাঙালির সাংস্কৃতিক স্বকীয়তা নিয়ে নতুন করে আলোচনার মধ্যেই হিন্দুত্ববাদী বিজেপি মন্ত্রীর এমন মন্তব্য সামনে এল।
এদিকে, দিলীপ ঘোষের এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। পুলিশের ব্যতিক্রমী পদক্ষেপকে সমাজে স্বাভাবিক নিয়মে পরিণত করার বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “এনকাউন্টার একটি বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী ঘটনা হতে পারে। কিন্তু সেই ব্যতিক্রমকে যদি রাজনৈতিকভাবে সমাজে নিয়ম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তবে তা বিপজ্জনক হয়ে ওঠে। ব্যতিক্রম কখনোই নিয়ম হতে পারে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন