প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রহমতপুর ইউনিয়ন, সন্দ্বীপ উপজেলা: রহমতপুর কেঞ্জাতলী বাজার এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ স্থানীয় জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্থানে প্রতিদিনের ফেলা বর্জ্য জমতে জমতে বিশাল স্তূপে রূপ নিয়েছে। এই স্তূপ থেকে অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজার কমিটি বা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বর্জ্য অপসারণের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় এই সমস্যা ক্রমেই প্রকট আকার ধারণ করছে। ফলে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন এই পথ ব্যবহারকারী সাধারণ পথচারী ও শিক্ষার্থীরা। প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াতের সময় নাক-মুখ চেপে ধরে এই এলাকা পার হতে বাধ্য হচ্ছেন তারা। ময়লার স্তূপ রাস্তার একাংশ দখল করে থাকায় যানবাহন ও পথচারী চলাচলেও দেখা দিচ্ছে বিঘ্ন।
এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টি হলেই ময়লা পানির সঙ্গে মিশে সৃষ্টি করে দুর্বিষহ পরিস্থিতি, যা এলাকার সার্বিক পরিবেশকে আরও বিপর্যস্ত করে তোলে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিন ধরে জমে থাকা এই ময়লা থেকে মশা-মাছির উপদ্রব বেড়ে ডায়রিয়া, ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষত শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
এ ব্যাপারে এলাকাবাসী অবিলম্বে ময়লার স্তূপ অপসারণ করে বাজারে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করার জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা আর না ঘটে, সে লক্ষ্যে স্থায়ী ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সাধারণ মানুষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন