প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী বগুড়ায় করতোয়া নদী খনন এবং সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করতে আসবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ অথবা মাসের শেষ দিকে তার এ সফর হতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মীর শাহে আলম বলেন, বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। এ উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বগুড়ার সাতটি সংসদীয় আসনে সমানভাবে বিতরণ করা হবে। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এটি পাস হলে নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। তিনি উল্লেখ করেন, বগুড়ার সুনাম ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা যাবে না। উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বগুড়ার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। তিনি এই জেলার উন্নয়ন ঘাটতি পূরণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। মীর শাহে আলম বলেন, "বগুড়ার মানুষকে প্রধানমন্ত্রী হৃদয়ে ধারণ করেন।"
প্রতিমন্ত্রী বলেন, "আমাদের ধৈর্য খুব কম, আমরা অনেক সময় অস্থির হয়ে পড়ি। কিন্তু উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। উন্নয়ন একসময় বগুড়ার মানুষকে খুঁজে নেবে।" তিনি উল্লেখ করেন, বগুড়া বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে একটি অনন্য অবস্থান তৈরি করেছে এবং সাংবাদিকতায় এ জেলা অত্যন্ত সমৃদ্ধ।
দৈনিক বগুড়ার প্রকাশক রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, "নানা চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক বগুড়া আজও মাথা উঁচু করে প্রকাশনা অব্যাহত রেখেছে।" তিনি আরও বলেন, "বগুড়ার উন্নয়নে ঐকমত্যের কোনো বিকল্প নেই। সামান্য বিষয় নিয়ে বিভক্ত হয়ে আমরা নিজেরাই জেলার উন্নয়ন বাধাগ্রস্ত করছি।" তিনি সকলকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন