প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আসামি ওবায়দুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এবং জানান, শুনানির সময় আসামির পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়নি।
আটক রাখার আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি ভিকটিম মরিয়মের আত্মহত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্তকালে জানা যায়, মরিয়মের বিয়ের আগে থেকেই সংসদ সদস্য নজরুল ইসলামের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত থেকে আসামি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে মামলার তদন্তের স্বার্থে আসামির রিমান্ড চাওয়া হবে। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখা অত্যন্ত জরুরি।
এর আগে গত বুধবার ওবায়দুর রহমানকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর পর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামকে চারদিন ও মাকছুদা বেগমকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেদিন রাতেই মামলার তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রিমান্ড শেষে মাকছুদা বেগমকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। আর নজরুল ইসলাম চার দিনের রিমান্ডে রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন