প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনা জেলার সাঁথিয়ায় লোকালয়ে প্রবেশ করা একটি পাগলা শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে গ্রামবাসীরা একত্রিত হয়ে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করেছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪ টা থেকে সাড়ে ৫ টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের শালঘর মহল্লা ও সাতবিলা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, শালঘর মহল্লার মো. রফিকের বাড়ির পাশে পুকুর পাড়ে বেঁধে রাখা একটি ছাগল প্রথমে শিয়ালের হামলার শিকার হয়। এরপর শিয়ালটি একে একে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে আরও কয়েকজনকে কামড়ে আহত করে। আহতদের মধ্যে শালঘর এলাকার বাদশার মেয়ে জুবাইদা (০৪), মংলা খাতুন (৭০), আলেয়া (২৫), ওয়াজ কুরুনি (০৭), শাহিদা (৫০), সোনিয়া (১৪) রয়েছেন।
এছাড়াও গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামের সাব্বিরের মেয়ে সিনহা (০৩), লাকি (৩০), বায়জিদ (০৬), রেহেনা (৪২), সামসুর (২২) পাগলা শিয়ালের আক্রমণের শিকার হন। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আত্মরক্ষার্থে গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে। বিকেল ৫ টার দিকে গ্রামের শতাধিক মানুষ শিয়ালটিকে খুঁজতে বের হয় এবং পাশের একটি ঝোপ থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় সেটিকে ধরে পিটিয়ে হত্যা করে মহল্লাবাসী।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাফুজ জানিয়েছেন, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। যদিও শিয়ালটি মারা গেছে, তবুও আহতদের পরিবার এবং পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন