প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : তুরস্কের কারা কর্তৃপক্ষের হাতে বন্দি সাতজন মেয়র একটি নতুন বিরোধী রাজনৈতিক দলে যোগদান করেছেন। শনিবার অনুষ্ঠিত হয় দলটির প্রতিষ্ঠাতা সম্মেলন। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে দলটি।
এএফপি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে ওজগুর ওজেল ‘ইয়েনি পার্টি’ (নিউ পার্টি বা নতুন দল) প্রতিষ্ঠা করেন। এর আগে, আদালতের এক রায়ে তাকে তৎকালীন প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
সিএইচপির বেশ কয়েকজন সংসদ সদস্য পরে ওজেলের সঙ্গে যোগ দেন, ফলে তার নতুন দলটি তুরস্কের প্রধান বিরোধী রাজনৈতিক দলে পরিণত হয়।
শনিবারের সম্মেলনে ওজেল সাতজন মেয়রের একটি চিঠি পড়ে শোনান। এই সাতজনের মধ্যে ছয়জনই ইস্তাম্বুলের বিভিন্ন জেলার মেয়র। চিঠিতে তারা ওজেলের নতুন দলে যোগ দেওয়ার বিষয়টি ঘোষণা করেন।
মেয়ররা চিঠিতে উল্লেখ করেন, ‘জনগণ ভোটের মাধ্যমে আমাদের যে দায়িত্ব ও ক্ষমতা দিয়েছিল, রাজনৈতিক হস্তক্ষেপের কাছে তা সমর্পণ না করায় আমাদের কারাবন্দি করা হয়েছে।’
তারা আরও বলেন, রাজনৈতিক নিপীড়নের মুখেও তারা ওজেলের নতুন দলে যোগ দিয়ে রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমানে তুরস্কের বিরোধী দলগুলো ক্রমবর্ধমান দমন-পীড়নের শিকার হচ্ছে। মেয়র ও নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একের পর এক গ্রেফতার ও মামলা দায়ের করা হচ্ছে। বিরোধী দলগুলোর অভিযোগ, এসব পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে তৎকালীন ওজেল নেতৃত্বাধীন সিএইচপি বড় ধরনের জয় লাভ করে। ক্ষমতাসীন একে পার্টিকে পরাজিত করার পর থেকেই বিরোধীদের ওপর দমন-পীড়ন বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
‘পচন ধরা ও জরাজীর্ণ’ শাসনব্যবস্থা
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৯ জন মেয়র রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু, যিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হন।
দলীয় সম্মেলনে ওজেল বলেন, ‘তুরস্কের বিভিন্ন কারাগারে আমাদের নির্বাচিত মেয়র, কাউন্সিল সদস্য, সরকারি কর্মকর্তা এবং অসংখ্য ভাই-বোন বন্দি রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘যারা ব্যালটের মাধ্যমে পরাজিত হয়েছে, তারা জনগণের রায়কে অসম্মান করেছে।’
ওজেলের অভিযোগ, রাজনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে বিরোধীদের মোকাবিলা না করে তাদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।
তবে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘কোনো অন্যায়ের বিচারহীনতা থাকবে না। কোনো কষ্ট, কোনো বেদনা বৃথা যাবে না।’
দলের অগ্রাধিকার
সম্মেলনে ওজেল তার দলের রাজনৈতিক অগ্রাধিকার তুলে ধরেন। তার বক্তব্যে নির্বাচনী ইশতেহারের প্রতিফলন দেখা যায়।
দলের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং আবাসন খাতে নতুন নীতিমালা প্রণয়ন।
এ সময় তিনি তুরস্কের বর্তমান শাসনব্যবস্থাকে ‘পচন ধরা, জরাজীর্ণ ও অহংকারী শাসনব্যবস্থা’ বলে সমালোচনা করেন। তার দাবি, এ শাসনব্যবস্থার পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
ওজেল বলেন, ‘এরদোয়ান পুরোনো ব্যবস্থার প্রতিনিধি। পুরোনোকে বিদায় নিতে হবে, পরিবর্তন আনতে হবে। যিনি ক্লান্ত, তাঁর সরে দাঁড়ানো উচিত।’
৭২ বছর বয়সী এরদোগান জানিয়েছেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আবারও প্রার্থী হতে চান। ২০০৩ সাল থেকে তিনি তুরস্কের ক্ষমতায় রয়েছেন। প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন