প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : নাইজারে অপহরণ করা দুই নারীকে মুক্ত করা হয়েছে, যারা এক বছরেরও বেশি সময় ধরে বন্দি ছিলেন। তাদের মধ্যে একজন সুইজারল্যান্ডের নাগরিক এবং অন্যজন অস্ট্রিয়ার নাগরিক।
বৃহস্পতিবার লিবিয়ার গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মুক্তির পর তারা বেনগাজি শহরে পৌঁছেছেন।
মুক্তি পাওয়া নারীদের মধ্যে ৭৬ বছর বয়সী ইভা গ্রেৎসমাখার সুইজারল্যান্ডের এবং ৬৯ বছর বয়সী ক্লাউদিয়া আব্বট অস্ট্রিয়ার নাগরিক। ২০২৫ সালে নাইজার থেকে তাদের অপহরণ করা হয়েছিল।
বার্তা সংস্থা এএফপি ত্রিপোলি থেকে এই তথ্য জানিয়েছে। আল-মাসার টেলিভিশনের একটি ভিডিওতে দেখা যায়, মুক্তি পাওয়া দুই নারী অত্যন্ত শীর্ণকায় অবস্থায় রয়েছেন। তারা লিবিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার খলিফা হাফতার এবং তার ছেলে সাদ্দামকে মুক্তির জন্য ধন্যবাদ জানান।
আল-মাসার জানায়, ‘দেড় বছর বন্দি থাকার পর দুই জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের একজন অস্ট্রিয়ার এবং অন্যজন সুইজারল্যান্ডের নাগরিক।’
ভিডিওতে ফরাসি ভাষায় ইভা বলেন, ‘আমার নাম ইভা গ্রেৎসমাখার। আমার বয়স ৭৬ বছর। আমাদের মুক্তির জন্য আমি মার্শাল হাফতার এবং তার ছেলে সাদ্দামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘আমি এক বছর নয় মাস ধরে জিম্মি ছিলাম।’ অন্যদিকে, আব্বটও মুক্তি পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং হাফতারকে ধন্যবাদ জানান।
লিবিয়ান নিউজ অবজারভেটরিও তাদের মুক্তির খবর প্রকাশ করেছে। ২০১১ সালে ন্যাটোর সমর্থনে পরিচালিত অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা কাটিয়ে উঠতে দেশটি এখনো সংগ্রাম করছে।
বর্তমানে লিবিয়ায় ক্ষমতার জন্য দু’টি সরকার প্রতিদ্বন্দ্বিতা করছে। এর একটি রাজধানী ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ-স্বীকৃত সরকার, যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবাহ। অন্যটি পূর্বাঞ্চলে অবস্থিত এবং খলিফা হাফতারের সমর্থন লাভ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন