প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। অভিযুক্ত অটোচালককে (মিশুক) শিক্ষার্থীরা ধাওয়া করে আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেললাইন সংলগ্ন নির্জন এলাকায় এই ঘটনা ঘটে।
আটক অটোচালকের নাম রাহুল মিয়া। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার মরাখোলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম নন্দ কিশোর। আটকের পর তার কাছ থেকে একটি ধারাল চাকু ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করা চাকু ও মোবাইল ফোনসহ কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার বিবরণীতে ভুক্তভোগী কাদের সিদ্দিকি (২০ বছর) জানান, তিনি নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহে বেড়াতে এসেছেন। ঢাকা বাইপাস থেকে কেওয়াটখালী তার আত্মীয়ের বাসায় যাওয়ার জন্যে মিশুক ৭০ টাকা দিয়ে রিজার্ভ করেন। চালক মেইন রোড দিয়ে সোজা না গিয়ে ভার্সিটির দিকে নিয়ে আসেন। শর্টকাটে যাওয়ার চিন্তা করে তিনি বিষয়টি বুঝতে পারেননি। অটোচালক বিভিন্ন জায়গায় ইউটার্ন নিচ্ছিলেন এবং বলছিলেন যে এই জায়গায় রাস্তা ভুইলা গেছেন।
ঘণ্টাখানেক ঘোরানোর পর অন্ধকার এক জায়গায় থামিয়ে চালক হঠাৎ ছুরি বের করে বলেন, ‘যা আছে বের কর’। ভুক্তভোগীর কাছে ফোন ছিল, তিনি তা বের করে দেন। মোবাইল নেওয়ার পর অটো জোরে টান দিয়ে পালানোর চেষ্টা করে। এদিকে আসার পথে কয়েকজন শিক্ষার্থীকে আড্ডা দিতে দেখেছিলেন। পরে তিনি মিশুকের পেছনে দৌড়ে চিৎকার করতে থাকেন। এক বড় ভাই তখন মোটরসাইকেলে করে অটোকে ধাওয়া দেন। পরে করিম ভবনের দিকে এসে তাকে ধরতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আকাশ জানান, তিনি বাসা থেকে ক্যাম্পাসে ফেরার সময় ফার্স্ট গেট থেকে জব্বারের দিকে আসছিলেন। মাৎস্যবিজ্ঞান অনুষদের গেট পর্যন্ত আসলে পেছন থেকে একজনের চিৎকার শুনতে পান। তিনি দেখেন একজন লোক অটোর পেছনে দৌড়াচ্ছে এবং ‘ছিনতাই, ছিনতাই’ বলে চিৎকার করছেন। পরে তিনি মোটরসাইকেল থেকে নেমে অটো ধরার চেষ্টা করেন, কিন্তু অটোর গতির কারণে ধরতে পারেননি।
পরে ওই লোকটাকে মোটরসাইকেলে তুলে অটোর পেছনে ধাওয়া দেন। অটো জব্বারের মোড়, দেবদারু রোড হয়ে করিম ভবনের দিকে চলতে থাকে। এ সময় তাকে আটকানোর চেষ্টা করছিলেন কিন্তু ছিনতাইকারী বার বার ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল। পরে করিম ভবন থেকে ছেলেদের হলের রাস্তা দিয়ে নামার সময় অটোর নিচে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন। পরে প্রক্টরিয়াল বডিকে ফোন দেন। পরে তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, রাত সাড়ে ৮টার দিকে তারা ছিনতাইয়ের ঘটনার খবর পান। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী একজন ছিনতাইকারীকে ধরেছে। তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল বডির লোকজন সেখানে উপস্থিত হন। পরে তাকে আটক করে ক্যাম্প পুলিশে নিয়ে আসা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। পরে কোতোয়ালি থানায় ঘটনার বিষয়ে জানানো হয়। তারা আসলে ছিনতাইকারীকে তাদের হাতে হস্তান্তর করা হয়। তার নামে মামলা করা হবে।
কোতোয়ালী মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সজীব কোচ বলেন, রাত সাড়ে ৮টার পর মোবাইল ফোনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রাহুল মিয়া নামে একজন ছিনতাইয়ের ঘটনায় আটক হওয়ার খবর পান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানায় তাকে হস্তান্তর করে। এ ঘটনার ক্ষেত্রে বাদী অভিযোগ কিংবা মামলা মোকাদ্দামায় যাবে না। তাই পরবর্তীতে তাদের যে আইনগত ব্যবস্থা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন