প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২৭ বছর বয়সী নাদিরা আক্তারের জীবনে স্বামীর মৃত্যুর পর থেকে সবকিছু যেন পাল্টে গেছে। গত বছর সড়ক দুর্ঘটনায় স্বামী শাহজাহানের মৃত্যুর পর থেকেই পৈতৃক সম্পত্তি ও বসতঘর নিয়ে বিরোধ শুরু হয়। তিনি অভিযোগ করেছেন যে, স্বামীর স্বজনরা বসতঘর দখল, মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
সম্প্রতি, দুই শিশুসন্তানকে নিয়ে নাদিরাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তারা চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চণ্ডীপাশা এলাকায় এই ঘটনা ঘটেছে। নাদিরা আক্তার অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন— আব্দুল আউয়াল (৪০), ফাতেমা আক্তার (২৭), সাহিদা আক্তার (২৯), আম্বিয়া বেগম (৫৯), সুফিয়া খাতুন (৫২), নাজমা আক্তার (৪৮) ও শাহানা আক্তার (৪০)। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, তারা সবাই নাদিরার স্বামীর স্বজন।
পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে নাদিরার বিয়ে হয় শাহজাহানের সঙ্গে। তাদের সংসারে দুই ও পাঁচ বছর বয়সি দুটি সন্তান রয়েছে। সুখে কাটছিল তাদের দিন, কিন্তু ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় স্বামীর আকস্মিক মৃত্যুর পর নাদিরা বিপাকে পড়েন। তার আশ্রয় ও সম্পত্তি নিয়ে টানাপোড়েন শুরু হয়।
নাদিরার অভিযোগ, স্বামীর মৃত্যুর পর থেকেই ননদ, ননাস ও তাদের স্বজনরা শাহজাহানের পৈতৃক সম্পত্তি ও সেমিপাকা বসতঘর দখলের চেষ্টা চালাচ্ছিলেন। বিভিন্ন সময় তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার চাপও দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায়, গত ৬ নভেম্বর সকালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার বসতবাড়িতে প্রবেশ করেন এবং সীমানার গাছপালা কেটে ক্ষতিসাধন করেন।
বাধা দিতে গেলে নাদিরাকে মারধর করা হয় এবং জখম অবস্থায় তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। অভিযুক্তরা ঘরটি দখলে নিয়ে নেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরে আহত অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন নাদিরা।
স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হলেও কোনো সমাধান আসেনি। অবশেষে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
স্থানীয় প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, ‘নাদিরার স্বামীর মৃত্যুর পর থেকেই তাকে বাড়ি থেকে বিতাড়িত করতে শাহজাহানের বোন ও স্বজনরা অত্যাচার চালাচ্ছেন। আমরা অনেক সালিশ-দরবার করেও কোনো সমাধান করতে পারিনি।’
অপরদিকে, অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তারা কারও ঘর দখল করেননি, বরং নিজেদের ঘরেই অবস্থান করছেন।
ভুক্তভোগী নাদিরা আক্তার বলেন, ‘স্বামীর মৃত্যুর পর থেকেই অভিযুক্তরা আমার স্বামীর সম্পত্তি ও ঘর দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে ঘর দখল করে আমাকে দুই সন্তানসহ বের করে দিয়েছেন। আমি স্বামীর ঘরেই ফিরতে চাই। ছোট দুটি সন্তান নিয়ে এখন কোথায় যাব, কীভাবে বাঁচব বুঝতে পারছি না।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন