প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
॥ সৈকত দাশ ॥
বান্দরবান, ১৮ নভেম্বর ২০২৬ : হেমন্তের সময় শেষ হতে না হতে বান্দরবানের প্রকৃতিতে শীতের আগমনী বার্তা প্রকাশ পেতে শুরু করেছে। ভোরের সূর্যোদয় থেকে গোধূলি বিকেলের আলোতে প্রকৃতি এক অনন্য রূপে সজ্জিত হয়ে ওঠে। পাহাড়ি রোদ এবং শিশিরের মিলনরেখায় মুক্তো ঝরা সকাল দৃশ্যমান হয়। আবার গোধূলি বিকেলে প্রকৃতি সোনালী রঙের মাধুর্যে ধরা দেয়।
যখন সূর্য গোধূলির রঙে পশ্চিম আকাশকে রাঙিয়ে বিদায় নেয়, তখন দিগন্তজুড়ে ধোঁয়াশা নামতে শুরু করে। ধীরে ধীরে কুয়াশার চাদরে ঢেকে যায় পাহাড়ের পর পাহাড়। কিছুক্ষণ আগে যা স্পষ্ট দেখা যাচ্ছিল, তা মুহূর্তেই কুয়াশার আড়ালে হারিয়ে যায়। সন্ধ্যা নামার সাথে সাথে প্রকৃতিতে এক ভিন্ন ধরনের নীরবতা নেমে আসে।
এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে পাহাড়ি জনপদে। ঢাকার গাজীপুর থেকে আসা সাইফুল ইসলাম বাসস’কে জানান, "পাহাড়ে ভোর দেখার জন্য খুব সকালে ঘুম থেকে উঠেছি। সবে মাত্র আসলাম মিলনছড়িতে। পাহাড়ের মাঝখানে বয়ে গেছে সাঙ্গু নদ। চারপাশে কুয়াশায় আচ্ছন্ন পাহাড়। আবছা দেখাচ্ছে নদ। এ যে অপরূপ সৌন্দর্য।"
মিলনছড়ি থেকে সামনের দিকে পা বাড়াতেই রাজশাহী থেকে আসা পর্যটক কামরুল ইসলামের সাথে কথা হয়। তরুণ এই পর্যটক বলেন, "কুয়াশায় রাস্তাগুলো অদৃশ্য মনে হচ্ছে। বাইক চালাতে একটু কষ্ট হচ্ছে। বাতাসে হালকা ঠাণ্ডা। প্রকৃতিটা এখনো অনেকটা সবুজ। হাল্কা ঠাণ্ডা উপেক্ষা করে রাস্তার দুপাশের ফলজ বাগানে কাজ করছেন অনেকে। এ সময় পাহাড়ের প্রকৃতিটা উপভোগ করার জন্যই এখানে আসি।"
দিনের কাজ শেষ করে ঘরে ফিরতে শুরু করেন রাখাল, কৃষক ও শ্রমজীবী মানুষ। রাত আটটা বাজতেই পাহাড়ি জনপথ অনেকটা ফাঁকা হয়ে যায়। চারপাশে তখন শুধুমাত্র ঝিঁঝি পোকার গুঞ্জন এবং দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক শোনা যায়। নির্জন পাহাড়ের মাঝে থাকা ছোট ছোট টংঘর কিংবা চায়ের দোকানে রাত অবধি আড্ডায় মেতে থাকা মানুষগুলোকেও এখন দ্রুত ঘরে ফিরতে দেখা যায়। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা যেন বদলে দিচ্ছে পাহাড়ি জনপদের পরিচিত জীবনযাত্রা।
রাতের আঁধার পেরিয়ে ভোরের আলো ফুটতেই প্রকৃতি নতুন রূপে সাজে। পাহাড়ের ঘাস, লতাপাতা এবং গাছের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু শিশিরকণা যেন একেকটি ঝলমলে মুক্তো। কুয়াশার ফাঁক গলে সূর্যের আলো পড়তেই সেগুলো চিকচিক করে ওঠে। পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে পড়ে এক স্নিগ্ধ ও মায়াবী সৌন্দর্য।
সকালের রোদ একটু উজ্জ্বল হতেই পাহাড়ি গ্রামগুলো থেকে ধীরে ধীরে কুয়াশার চাদর সরে যায়। শুকিয়ে আসে ভেজা পথঘাট। ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুও রোদের উত্তাপে হারিয়ে যায়। প্রকৃতির সেই স্নিগ্ধ সকাল পেরিয়ে আবারও শুরু হয় কর্মব্যস্ততা। দা-কাঁচি হাতে, মাথায় থুরং নিয়ে পাহাড়ের পথে বেরিয়ে পড়েন নারী-পুরুষ। কেউ যান জুম ক্ষেতে, কেউ বাগানে, আবার কেউ জীবিকার সন্ধানে ছুটে চলেন।
ভোরের বাতাসে হালকা শীতের অনুভূতি থাকলেও এখনো কনকনে ঠান্ডায় কাঁপতে হচ্ছে না কাউকে। তবে সকাল ও সন্ধ্যার আবহে শীতের উপস্থিতি প্রকৃতিতে জানান দিচ্ছে।
এমন মনোমুগ্ধকর দৃশ্য এখন পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ে পাহাড়ে দেখা যাচ্ছে। ভোরের শিশিরভেজা প্রকৃতি এবং গোধূলির কুয়াশাচ্ছন্ন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকেরা ছুটে আসছেন।
ভোরের আলো ফুটতেই দলবেঁধে মোটরসাইকেল নিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ছুটে যাচ্ছেন শত শত পর্যটক। কোথাও পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘ-কুয়াশার খেলা দেখছেন। আবার কোথাও প্রকৃতির অপরূপ সৌন্দর্য ক্যামেরাবন্দি করছেন। কেউ কেউ পাহাড়ি পথের ধারের ছোট চায়ের দোকানে বন্ধুদের নিয়ে আড্ডায় বসছেন। ধোয়া ওঠা এক কাপ চায়ে চুমুক দিতে দিতে উপভোগ করছেন পাহাড়ের স্নিগ্ধ সকাল।
পাহাড়ের এই রূপ ক্ষণিকের। সূর্যের আলো বাড়ার সাথে সাথে মিলিয়ে যায় কুয়াশা। হারিয়ে যায় শিশিরের ঝিলিক। কিন্তু প্রকৃতির এই মায়াবী সৌন্দর্য পর্যটকদের মনে রেখে যায় অন্যরকম এক অনুভূতি। পাহাড়ের নীরবতা, কুয়াশার চাদর এবং শিশিরভেজা সকালের টানেই বারবার বান্দরবানে ফিরে আসেন প্রকৃতিপ্রেমীরা।
ব্যবসায়ীরাও বসে নেই। শীতে তারা কর্মব্যস্ত। পর্যটকদের উপস্থিতিতে বেচা কেনা জমজমাট থাকে। শীতকালীন ব্যবসাকে কেন্দ্র করে সকাল থেকে পর্যটনস্পটগুলোতে পসরা সাজিয়ে বসেন বম তরুণ তরুণীরা।
বাসসের সাথে আলাপাকালে তরুণী লাল কিম বম জানান, "এখন পর্যটন মৌসুম। সকাল থেকে পর্যটকরা আসছেন পর্যটন স্পটগুলোতে। শীত মৌসুমকে উপভোগ করার জন্যই মূলত পর্যটকরা এখানে আসেন। গামছা, কম্বল, রুমাল, গায়ের শাল, টুপি, ওড়না এবং বিছানার চাদরসহ বিভিন্ন পোশাক তারা এখান থেকে কিনে নিয়ে যান।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন