প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাত্র ১৫ দিনের জন্য জাপানে বেড়াতে গিয়েছিলেন এক দক্ষিণ কোরিয়ার নাগরিক। কিন্তু সেই ১৫ দিনের ভ্রমণে গিয়ে আর নিজ দেশে ফেরেননি তিনি। জাপানেই কাটিয়েছেন পুরো ২৬ বছর। এত বছর অবৈধভাবে জাপানে কাটানোর পর অবশেষে ৭২ বছর বয়সে গ্রেফতার হয়েছেন ওই দক্ষিণ কোরীয় নাগরিক।
জাপানের শিজুওকা প্রিফেকচারাল পুলিশের বরাত দিয়ে জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত জুনে পাওয়া একটি তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বুধবার ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, ১৯৯৩ সালের সেপ্টেম্বরে নিজের ভাইয়ের পাসপোর্ট ব্যবহার করে জাপানে প্রবেশ করেছিলেন দক্ষিণ কোরিয়ার ওই ব্যক্তি। মাত্র ১৫ দিনের পর্যটন ভিসাতে জাপান গিয়েছিলেন তিনি। জাপানে তুলনামূলক বেশি বেতনের কাজ পাওয়ার আশায় তিনি দেশটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এরপর আর জাপান ছাড়েননি তিনি। বর্তমানে শিজুওকা প্রিফেকচারের ইয়াইযু শহরে থাকেন ওই ব্যক্তি। পুলিশের ধারণা, ১৯৯৩ সাল থেকেই তিনি জাপানে অবস্থান করছেন। তদন্তকারীদের তিনি জানান, এত বছর ধরে বিভিন্ন ধরনের দিনমজুরের কাজ করে জীবিকা চালিয়েছেন।
মজার বিষয় হলো, ১৯৯৩ সালে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও জাপানে অবস্থান করা শাস্তিযোগ্য অপরাধ ছিল না। ২০০০ সালের ফেব্রুয়ারিতে সংশোধিত অভিবাসন আইন কার্যকর হওয়ার পর এটি অপরাধ হিসেবে গণ্য হয়। তাই তার বিরুদ্ধে ২০০০ সাল থেকে অবৈধভাবে জাপানে অবস্থানের অভিযোগ এনেছে পুলিশ।
আর পুলিশের কাছে অভিযোগ স্বীকার করেছেন ওই ব্যক্তি।
জাপানের বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত দেশটিতে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করা মানুষের সংখ্যা ছিল ৬৮ হাজার ৪৮৮। তবে এই সংখ্যা ১৯৯৩ সালের তুলনায় অনেক কম। সে বছর জাপানে এমন মানুষের সংখ্যা ছিল ২ লাখ ৯৮ হাজার ৬৪৬। এটিই ছিল সর্বোচ্চ।
তথ্যসূত্র : জাপান টাইমস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন