প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনের বেলায় কৃষিকাজে ব্যস্ত থাকেন কৃষকরা, আর রাতের বেলা মাচাংয়ে উঠে ফসলের পাহারা দেন। হাতে থাকে টর্চলাইট, পাশে টিন কিংবা প্লাস্টিকের ড্রাম। কিছুক্ষণ পরপর বন্যপ্রাণীকে তাড়াতে হয়।
এভাবে রাত কাটাচ্ছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন এলাকার অনেক কৃষক।
বন্য শূকর ও বানরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন লাউয়াছড়া বনের আশপাশের কৃষক এবং বাসিন্দারা। ফসলি জমির পাশাপাশি বসতবাড়ির কলাগাছ ও বিভিন্ন ফলদ গাছেও হামলা চালাচ্ছে এসব বন্যপ্রাণী। বিশেষ করে আউশ ও আমন ধান পাকার সময় বন্য শূকরের উপস্থিতি বাড়ছে। এর ফলে একদিকে ফসলের ক্ষতি হচ্ছে, অন্যদিকে কৃষকের বাড়তি শ্রম ও উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, কমলগঞ্জ সদর ইউনিয়নের লংগুরপার, দক্ষিণ বালিগাঁও বটতলা, সরইবাড়ি, ভেড়াছড়া, রাজটিলা, বাঘমারা ও কালাছড়াসহ মাধবপুর ইউনিয়নের লংগুরপার, টিলাগাঁও ও ভাসানীগাঁও এলাকায় বন্যপ্রাণীর উপদ্রব তুলনামূলকভাবে বেশি।
কৃষকরা জানিয়েছেন, রাতের অন্ধকারে দল বেঁধে বন্য শূকর ধানক্ষেতে ঢুকে পড়ছে এবং মুহূর্তেই জমির ফসল নষ্ট করে ফেলছে। বানরের দলও বসতবাড়ির আশপাশে এসে কলা, বিভিন্ন ফল ও অন্যান্য গাছপালার ক্ষতি করছে। ফলে ফসল রক্ষার জন্য বাধ্য হয়ে জমির পাশে বাঁশ-কাঠ দিয়ে উঁচু মাচাং নির্মাণ করছেন কৃষকরা।
কৃষকরা জানিয়েছেন, একটি মাচাং নির্মাণ করতে খরচ হচ্ছে দুই হাজার থেকে তিন হাজার টাকা। এরপর প্রতিদিন রাত জেগে সেখানে বসে পাহারা দিতে হচ্ছে। সঙ্গে রাখতে হচ্ছে টর্চ বা বৈদ্যুতিক বাতি। প্রাণী দেখলেই চিৎকার করে, টিন বা প্লাস্টিকের ড্রাম পিটিয়ে শব্দ করে তাড়ানোর চেষ্টা করছেন তারা।
সদর ইউনিয়নের ভেড়াছড়া এলাকার কৃষক মজনু মিয়া বলেন, লাউয়াছড়া বনের জায়গা দখল হয়ে যাওয়ার কারণে বনভূমির পরিমাণ কমে যাচ্ছে। এতে বন্যপ্রাণীর আবাসস্থল ও খাবারের সংকট দেখা দিয়েছে। খাবারের সন্ধানে শূকর ও বানর রাতে লোকালয়ে এসে ফসলের ব্যাপক ক্ষতি করছে।
মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামের কৃষক আবুল মিয়া জানান, শুধু ধানক্ষেত নয়, বাড়ির কলাগাছ ও বিভিন্ন ফলদ গাছও নষ্ট করছে বন্যপ্রাণী। দিনের বেলায় বানরের যন্ত্রণা এবং রাতে বন্য শূকরের হানা। ধান পাকার সময় উপদ্রব আরো বেড়ে যায়। তাই বাধ্য হয়ে রাত জেগে ফসল পাহারা দিতে হচ্ছে।
আবুল মিয়া আরও জানান, মাচাংয়ে বসে চিৎকার করেন; টিন ও প্লাস্টিকের ড্রাম বাজিয়ে শব্দ করেন। এতে প্রাণীগুলো চলে যায়, কিন্তু এভাবে পাহারা দিতে গিয়ে ঘুম নষ্ট হচ্ছে। আবার মাচাং নির্মাণ ও আলো জ্বালানোর জন্য বাড়তি টাকা খরচ হচ্ছে।
স্থানীয়রা বলেছেন, বিষয়টি এখন শুধু ফসলের ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই; মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, এর আগে ফুলবাড়ী চা-বাগান এলাকায় বন্য শূকরের আক্রমণে দুই শ্রমিক আহত হওয়ার ঘটনাও ঘটেছে। ফলে সন্ধ্যার পর বনসংলগ্ন এলাকায় চলাচলেও অনেকের মধ্যে আতঙ্ক কাজ করে।
কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আহাদ মিয়া বলেন, ‘লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রায় এক হাজার ২৫০ হেক্টর এলাকার অনেক জায়গা দখল করে লেবু ও পান চাষ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বনভূমি দখল ও আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে বন্যপ্রাণীরা স্বাভাবিক আবাস হারাচ্ছে। খাবারের সন্ধানে তারা লোকালয়ে চলে আসছে। এতে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত বাড়ছে।’
তবে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচল বন্ধ করা যাবে না। একইসঙ্গে প্রাণী হত্যা বা ক্ষতি করাও আইনত দণ্ডনীয় অপরাধ।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, ‘প্রাণীরা যেখানে নিরাপদ মনে করে, সেখানে যাবে-এটাই স্বাভাবিক। তবে কোনো প্রাণী ক্ষতি করলেও সেটিকে হত্যা করা যাবে না; আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বনের পাশে যাদের বসবাস, নিজেদের জমি নিজেদের রক্ষা করবেন-এটিও স্বাভাবিক।’
রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, ‘কৃষকের ক্ষতি হোক, সেটাও আমরা চাই না। ধান রক্ষা করতে গিয়ে যেন প্রাণী হত্যা করা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। হাতি বা বাঘের আক্রমণে কারো ক্ষতি হলে সরকারি নিয়ম অনুযায়ী সহযোগিতার সুযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘অন্য বন্যপ্রাণীর কারণে ক্ষতির ক্ষেত্রে সরকারি ক্ষতিপূরণের ব্যবস্থা নেই। তবে মানবিক দিক বিবেচনা করে বন বিভাগ নিজ উদ্যোগে সহযোগিতার বিষয়টি বিবেচনা করতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন