প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
> জাতীয়
বিদ্যুৎ ও গ্যাস জনগণের মৌলিক অধিকার, এটি কারও দয়া নয়—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি বলেছেন, জনগণ বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধ করে এবং নিয়মিত কর প্রদান করে। তাই ঘরে আলো জ্বলা এবং চুলায় আগুন থাকা জনগণের অধিকার।
সোমবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।
নাজিবুর রহমান বলেন, কৃষকের কঠোর পরিশ্রমের অর্থ, শ্রমিকের উপার্জন এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থ থেকে জ্বালানি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করা হয়। সেই অর্থ কোথায় যাচ্ছে, তা জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। তিনি মন্তব্য করেন, এটি ন্যায়বিচারের একটি অংশ।
জ্বালানি নিরাপত্তার বিষয়ে এই সংসদ সদস্য বলেন, দেশের জ্বালানির ভাগ্য যেন কোনো একটিমাত্র জাহাজ, টার্মিনাল বা বিশেষ চুক্তির ওপর নির্ভরশীল না হয়।
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সমালোচনা করে নাজিবুর রহমান বলেন, জ্বালানি সংকটের সমাধানে সরকার সাধারণ মানুষের জন্য কোনো আশার আলো দেখাতে পারছে না। তিনি বলেন, সমস্যার সমাধান না করে বসে বসে দিন গোনা ছাড়া সরকারের আর কিছু করার নেই—এমন বক্তব্যও দেওয়া হচ্ছে।
তিনি অভিযোগ করেন, জ্বালানি খাতের সমস্যার প্রকৃত কারণ আড়াল করে তার দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা চলছে। সর্বোচ্চ পর্যায় থেকে ছয় মাসের মধ্যে সমস্যার সমাধান করে দেখানোর চ্যালেঞ্জ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই চ্যালেঞ্জের জবাব দিতে তাদের প্রস্তাবনা তৈরি করা হয়নি। বরং জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা এই প্রস্তাবনা প্রস্তুত করেছেন। একই সঙ্গে একটি কার্যকর বিরোধী দলের ভূমিকা কেমন হওয়া উচিত, তার উদাহরণ সৃষ্টি করাও এর মূল উদ্দেশ্য।
নাজিবুর রহমান আরও বলেন, সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের মাধ্যমে তারা প্রমাণ করবেন যে জ্বালানি খাতের বর্তমান সমস্যার মূলে রয়েছে ব্যাপক দুর্নীতি, অব্যবস্থাপনা, সিদ্ধান্তহীনতা এবং সরকারের অযোগ্য নেতৃত্ব। এসব সংকট নিরসনে তাদের উপস্থাপিত প্রস্তাবনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমাধানের পথও তুলে ধরা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন