প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় বিএনপি নেতার নেতৃত্বে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে দিনদুপুরে হামলা ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং প্রবাসীর পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারটি।
গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে বুধবার দুপুরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সফিকুল ইসলামের স্ত্রী লুৎফা (৪০) বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে প্রবাসী। তাদের দুই ছেলে বেসরকারি চাকরি করে।
স্বামী ও ছেলেদের কষ্টার্জিত উপার্জনের টাকায় তারা গ্রামের নতুন বিল্ডিং বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এ সময় প্রতিবেশী ও স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকুর রহমান বুলবুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার কাছে বাড়ি নির্মাণ বাবদ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা না পেয়ে ক্ষুব্ধ হয়ে গত ১৩ সেপ্টেম্বর রোববার দিনদুপুরে সিদ্দিকুর রহমান বুলবুল, শাহজাহান সরকার, বাবুল সরকারের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী, চাঁদাবাজ তার বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, সোনার অলঙ্কারসহ দুই লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। আসবাব ভাঙচুর করে আরো বিশ হাজার টাকার ক্ষতিসাধন করে।
ঘটনার পরপরই প্রতিকার চেয়ে দক্ষিণ গফরগাঁও থানা পুলিশের দ্বারস্থ হয় ভুক্তভোগী পরিবার। সহযোগিতা না পেয়ে ভুক্তভোগী লুৎফা বেগম পরে বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিষয়টি তদন্তের জন্য ময়মনসিংহের ডিবি পুলিশকে দায়িত্ব দেয়।
আদালতে অভিযোগ দায়ের করার পরেই নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। আদালতে অভিযোগ দেওয়ার পর বাদীনি লুৎফার ছোট ছেলে তুহীনকে মারধর করাসহ বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে স্থানীয় বিএনপি নেতা বুলবুল ও তার অনুসারীরা। অভিযোগ প্রত্যাহার না করলে প্রবাসীর ছেলেদের হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী লুৎফা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লুৎফা বুলবুলসহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং লুট হওয়া মাল উদ্ধারের দাবি জানান।
এই ঘটনায় ময়মনসিংহ ডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই বিপ্লব কুমার সাহা বলেন, ঘটনাস্থলে সরজমিনে তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। আদালতের আদেশ পেয়েছি। দ্রুত সময়ে ঘটনার তদন্ত শুরু করা হবে।
দক্ষিণ গফরগাঁও থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে ময়মনসিংহের ডিবি পুলিশ তদন্ত করছে। বাদী পরিবারের নিরাপত্তার তদারকি দক্ষিণ গফরগাঁও থানা পুলিশ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন