প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে ঘুরে গেছেন দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, রোববার (২২ নভেম্বর) উত্তর ২৪ পরগনার বনগাঁয় পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে তারা প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন।
কিন্তু সেখানে আলোচনা বিষয়ক আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গণমাধ্যমটি জানাচ্ছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনার আগে আওয়ামী লীগের এটি একটি মহড়া।
প্রতিবেদন অনুসারে, রোববার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান আওয়ামী লীগের নেতারা। তাদের মধ্যে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর তারা কলকাতার উদ্দেশে রওনা হন।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে আওয়ামী লীগের নেতারা শুধুমাত্র একটি সীমান্তপথের ওপর নির্ভর করতে চাইছেন না। বিকল্প পথের সম্ভাবনাও তারা খতিয়ে দেখছেন। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও তাদের পর্যবেক্ষণের পরিকল্পনায় রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার তাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাতায়াতের পথ ও সীমান্তবর্তী এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ খতিয়ে দেখতেই নেতারা সীমান্তে গিয়েছিলেন কিনা, সে বিষয়ে আলোচনা চলছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের একটি অংশে আলোচনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ইমিগ্রেশন সেন্টারে আলোচনা বিষয়ক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি ভারতীয় অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা পেট্রাপোল থানার পক্ষ থেকে।
এদিকে একই সময়ে পেট্রাপোল এলাকায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে মিছিল করেছে হিন্দু সুরক্ষা সমিতি। এতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। মিছিল থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি দাবি করা হয়।
এ সময় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার মন্তব্য করেন, কলকাতা থেকে যশোর রোড হয়ে বনগাঁ ও পেট্রাপোল সীমান্ত দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। একই দিনে আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শন এবং বিজেপি নেতার মন্তব্য ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক আলোচনা আরও বাড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন