প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে রাখাইনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় ১৯ নভেম্বর প্রকাশিত হবে।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতের পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় প্রকাশ্য অধিবেশনে রায় ঘোষণা করবেন আদালতের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি। ইতোমধ্যে, ১১টি দেশ এই মামলায় পক্ষভুক্ত হয়েছে।
এই রায়ের ফলে শরণার্থীশিবিরে বসবাসরত লাখো রোহিঙ্গা নারী-পুরুষ নতুন করে আশায় বুক বাঁধছেন। তাদের প্রত্যাশা, রাখাইনের গণহত্যার সঙ্গে জড়িতদের জবাবদিহি নিশ্চিত হবে এবং তারা ফিরে পাবেন নিজেদের অধিকার, নাগরিকত্ব ও নিরাপত্তা। পাশাপাশি মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথও সুগম হবে।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের ফলে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা প্রায় ১২ লাখ। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থীশিবিরে বসবাস করছেন।
রোহিঙ্গা জনগণের ওপর সংঘটিত নৃশংসতার বিচার চেয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলাটি ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ নামে পরিচিত। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এবার সেই মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত হয়েছে।
রায়ের অপেক্ষায় থাকা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাশা, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তারা গণহত্যার স্বীকৃতি ও ন্যায়বিচার পাবেন। একই সঙ্গে তাদের ওপর সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথ শাস্তি নিশ্চিত হবে।
রোহিঙ্গা তরুণ আলমগীর বলেন, "যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি স্বীকার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এ গণহত্যার বিষয়টি স্বীকার করেছে।" এখন তারা আন্তর্জাতিক বিচার আদালতের কাছে এর সুষ্ঠু বিচার প্রত্যাশা করছেন।
আলমগীর আরও বলেন, রোহিঙ্গা নাগরিক হিসেবে তারা চান, গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
রোহিঙ্গা যুবক আবু বক্কর বলেন, "তাদের জনগণের ওপর যে গণহত্যা চালানো হয়েছে, তা পুরো বিশ্ব দেখেছে।" তাই আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে তারা শতভাগ ন্যায়বিচার পাবেন বলে আশাবাদী।
উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পের বাসিন্দা আব্দু রশীদও একই প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, ২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যেভাবে নির্যাতন ও গণহত্যা চালানো হয়েছে, তা আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যক্ষ করেছে। তাই আইসিজের রায় তাদের পক্ষে আসবে বলে আশা করছেন।
রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের বাসিন্দা মো. তৈয়ব বলেন, তারা আর বাংলাদেশে শরণার্থী হিসেবে থাকতে চান না। নিজেদের দেশ মিয়ানমারে ফিরে যেতে চান। আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে সুষ্ঠু ও ন্যায়বিচার নিশ্চিত হলে তারা নিজ দেশে ফিরতে প্রস্তুত। দ্রুত বিচার নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করার দাবি জানান তিনি।
রোহিঙ্গা যুবক মো. আনাছ বলেন, তাদের জনগণের ওপর সংঘটিত গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই। বিশ্বের প্রভাবশালী দেশগুলো এক হয়ে আন্তর্জাতিক আইনের আওতায় এ অপরাধের বিচার নিশ্চিত করবে বলে প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দাবি জানান।
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের অধিকার, নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত হওয়ার পথ তৈরি হবে বলে তিনি আশা করছেন। পাশাপাশি মিয়ানমারের জান্তা সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা সংঘটিত ধ্বংসযজ্ঞের উপযুক্ত ক্ষতিপূরণও পাওয়া উচিত।
মোহাম্মদ জোবায়ের আরও বলেন, রোহিঙ্গাসহ অন্যান্য জনগণের ওপর যারা গণহত্যা চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেয়া হলে ভবিষ্যতে কোনো রাষ্ট্র বা গোষ্ঠী এ ধরনের অপরাধ করার সাহস পাবে না। এ ধরনের রায় বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
মামলার আইনি প্রক্রিয়া
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা হবে আগামী ১৯ নভেম্বর। আইসিজে জানিয়েছে, নেদারল্যান্ডসের হেগ শহরে এ আদালতের পিস প্যালেসে ১৯ নভেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে প্রকাশ্য অধিবেশন। সেখানে আদালতের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি রায় পড়ে শোনাবেন। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলাটি ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলা নামে পরিচিত।
গাম্বিয়া ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মামলাটি করে। দেশটির অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর অভিযান ছিল গণহত্যা। ওই অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। সব মিলিয়ে এখন প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী জীবন কাটাচ্ছে। মিয়ানমারের সেনাবাহিনীর ওই অভিযানে কতটা ব্যাপক মাত্রায় হত্যা, ধর্ষণ ও জ্বালাও-পোড়াও চালিয়েছে, তার ভয়াবহ বিবরণ এসেছে রোহিঙ্গা শরণার্থীদের কথায়।
জাতিসংঘের মিয়ানমারবিষয়ক তথ্যানুসন্ধান মিশনও বলেছে, ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছিল। তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ওই অভিযান ছিল সন্ত্রাসবিরোধী বৈধ কার্যক্রম।
এ মামলায় গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারকে গণহত্যা সনদের অধীন বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের নির্দেশ এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার আদেশ চেয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর না ঘটার নিশ্চয়তা দেওয়ারও আবেদন করেছে দেশটি।
আদালতের এখতিয়ারের ভিত্তি হিসেবে গাম্বিয়া ১৯৪৮ সালের গণহত্যা সনদের নবম অনুচ্ছেদের কথা বলেছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, সনদ বাস্তবায়ন বা ব্যাখ্যা নিয়ে রাষ্ট্রগুলোর বিরোধ আইসিজেতে তোলা যায়।
গাম্বিয়ার আবেদনের সঙ্গে অন্তর্র্বতী ব্যবস্থা নেওয়ার আবেদনও ছিল। ২০২০ সালের ২৩ জানুয়ারি আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সনদে বর্ণিত কর্মকাণ্ড ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি মামলার সঙ্গে সম্পর্কিত প্রমাণ সংরক্ষণ এবং এ বিষয়ে নেওয়া পদক্ষেপের প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গাম্বিয়া সাত বছর আগে মামলার লিখিত অভিযোগ জমা দেওয়ার পর মিয়ানমার আদালতের এখতিয়ার ও মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি তুলেছিল।
২০২২ সালের ২২ জুলাই রায়ে আদালত জানায়, মামলাটি শুনানির এখতিয়ার তাদের রয়েছে এবং গাম্বিয়ার আবেদন গ্রহণযোগ্য। এরপর মিয়ানমার তাদের জবাবি লিখিত বক্তব্য জমা দেয়। গাম্বিয়া ও মিয়ানমার পর্যায়ক্রমে নিজেদের বক্তব্যের পক্ষে যুক্তি উপস্থাপন করে।
কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বেলজিয়াম এবং আয়ারল্যান্ড-এই ১১টি দেশ এ মামলায় পক্ষভুক্ত হয়েছে।
প্রত্যাবাসনে কী প্রভাব পড়বে
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তৌহিদুল এহেছান বলেন, রোহিঙ্গা সংকট কেবল মিয়ানমার বা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়; এটি একটি বৈশ্বিক ও আন্তর্জাতিক সংকট। রোহিঙ্গাদের ওপর সংঘটিত জাতিগত নিধন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়।
তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার পক্ষে রায় এলে তা রোহিঙ্গা শরণার্থী ও বাস্তুচ্যুত জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে তাঁরা শুধু বিচারিক স্বীকৃতিই পাবেন না, বৈশ্বিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথেও অগ্রসর হবেন।
মো. তৌহিদুল এহেছান আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি তা কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া জরুরি। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত জাতিগত নিধন মানবতার জন্য গভীর বিপর্যয়। এ মামলার রায় বিশ্বজুড়ে মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের পক্ষে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, ২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা মামলার সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক প্রক্রিয়া শেষে ১৯ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। রোহিঙ্গাদের পক্ষে রায় আসবে বলে তাঁরা প্রত্যাশা করছেন। এ রায় শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বিশ্বের সব নির্যাতিত মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রত্যাবাসন প্রক্রিয়ায় এ রায়ের সরাসরি প্রভাব কতটা পড়বে, তা নিশ্চিত করে বলা কঠিন বলে উল্লেখ করেন মো. মিজানুর রহমান। তবে পরোক্ষভাবে এর উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।
তার ভাষ্য, রায়ের মাধ্যমে মিয়ানমার রাষ্ট্র ও দেশটির ক্ষমতাশালী ব্যক্তিদের দ্বারা রোহিঙ্গাদের ওপর সংঘটিত অন্যায়, নির্যাতন ও নিপীড়নের বিষয়টি বিশ্ববাসীর কাছে আরও স্পষ্ট হবে। এতে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে আরও সোচ্চার হতে পারে।
মিজানুর রহমান আরও বলেন, এ রায় রোহিঙ্গা সংকটকে নতুন করে আন্তর্জাতিক আলোচনার টেবিলে নিয়ে আসবে। এতে রোহিঙ্গাদের নৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে। মিয়ানমারই যে তাদের নিজ দেশ, সে দাবিও আন্তর্জাতিক পরিসরে আরও জোরালো ভিত্তি পাবে। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে বাংলাদেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক তৎপরতা জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে।
দীর্ঘ প্রতীক্ষার পর ১৯ নভেম্বরের রায় ঘিরে তাই নতুন আশায় দিন গুনছেন লাখো রোহিঙ্গা। তাঁদের কাছে এ রায় শুধু একটি মামলার ফল নয়; এটি নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার, নিরাপত্তা, নাগরিকত্ব ও হারানো মর্যাদা ফিরে পাওয়ার প্রত্যাশার সঙ্গেও জড়িয়ে আছে। একই সঙ্গে গণহত্যার বিচার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আইনের কার্যকারিতারও গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে যাচ্ছে এই রায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন