প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ভিডিও ও ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জের ভৈরবের তানিয়া আক্তার নামে এক নারী। তার অভিযোগ, এসব কনটেন্ট ব্যবহার করে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং অর্থ দাবি করা হচ্ছে। এ ঘটনায় তিনি সামাজিক ও পারিবারিকভাবে চরম সংকটে পড়েছেন বলেও দাবি করেছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ভৈরব পৌর শহরের দুর্জয় মোড় সংলগ্ন ভৈরব সাংবাদিক অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তানিয়া আক্তার জানান, তিনি ভৈরব উপজেলার চন্ডিবের কাজী বাড়ি এলাকার বাসিন্দা এবং খলিল মিয়ার মেয়ে। তিনি বিবাহিত ও দুই সন্তানের জননী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২১ সালে ছেলের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে টাঙ্গাইলের আগবেথর এলাকার আব্দুল রশিদের পরিবারের সঙ্গে তার পরিচয় হয়। একই হাসপাতালে অবস্থানের সুবাদে আব্দুল রশিদের স্ত্রীর সঙ্গে তার পরিচিতি গড়ে ওঠে। পরে তাদের মধ্যে মোবাইল ফোনে সৌজন্যমূলক যোগাযোগ ছিল বলে জানান তিনি।
তানিয়ার অভিযোগ, বর্তমানে প্রবাসে অবস্থানরত আব্দুল রশিদের প্ররোচনায় সোহাগ মিয়াসহ কয়েকজন ব্যক্তি তার বিরুদ্ধে ৯ লাখ ৪০ হাজার টাকা দেওয়ার দাবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন বলে দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তার ও পরিবারের সদস্যদের কিছু ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিকৃত ও সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। একই সঙ্গে এসব ভিডিও ও ছবি ব্যবহার করে তাকে জিম্মি করে ৯ লাখ ৪০ হাজার টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তানিয়ার দাবি, টাকা না দিলে আরও আপত্তিকর ও অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তার পারিবারিক জীবনেও নেতিবাচক প্রভাব পড়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রবাসে থাকা স্বামী তাকে সংসার ছেড়ে চলে যেতে বলেছেন। এ ছাড়া কিছুদিন আগে বিয়ে হওয়া মেয়েকেও শ্বশুরবাড়ির লোকজন তার কাছে পাঠিয়ে দিয়েছেন। এসব ঘটনায় তিনি বর্তমানে চরম সামাজিক ও পারিবারিক সংকটের মধ্যে রয়েছেন বলে জানান।
অভিযোগের প্রতিকার চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে তিনি কিশোরগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-১-এ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৪/১১৭(সি) ধারায় একটি পিটিশন মামলা দায়ের করেছেন বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তানিয়া আক্তার।
সংবাদ সম্মেলনে তানিয়া আক্তারের ভাগনি আশামনি উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন