প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং আশপাশের অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হামলার ফলে একটি বহুতল আবাসিক ভবনের একটি অংশ ধসে পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খবর আল জাজিরার
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার (২৩ নভেম্বর) কিয়েভের প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে ডাইমার শহরে রাশিয়া রাতভর পাঁচতলা একটি আবাসিক ভবনে হামলা চালায়। এতে ভবনটির একটি অংশ ধসে পড়ে এবং অন্তত ১১ জন নিহত হন। কিয়েভ অঞ্চলের কর্মকর্তা তিমুর তাকাচেঙ্কো সোমবার এই তথ্য প্রকাশ করেন।
টেলিগ্রামে একটি পোস্টে তিনি জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকর্মীরা আরও একজনের মরদেহ উদ্ধার করেছেন। এর ফলে ওই ভবনে নিহতের সংখ্যা ১১ জনে পৌঁছেছে।
ইউক্রেনের জরুরি পরিস্থিতি মোকাবিলা বিভাগ জানায়, নিহতদের মধ্যে একজন কিশোরও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও ১১ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, যাদের মধ্যে দুটি শিশু রয়েছে। আটকে পড়া ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও জানানো হয়েছে।
তবে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তাদের মধ্যে ৭৯ বছর বয়সী এক নারী এবং একটি শিশুও রয়েছে বলে তাকাচেঙ্কো জানান।
কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক অড্রে ম্যাকঅ্যালপাইন জানান, ধসে পড়া ভবনের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ‘উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে জীবিত কিংবা মৃত অবস্থায় আটকে পড়া মানুষদের উদ্ধারে তারা কাজ করছেন।’
এদিকে, কিয়েভের দক্ষিণে ভিশনেভ শহরের একটি সুপারমার্কেটে রুশ হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে তিনটি শিশু রয়েছে। শহরটির মেয়র ইলিয়া ডিকভো ফেসবুকে এই তথ্য জানিয়েছেন।
এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাকাচেঙ্কো বলেন, ‘মানুষজন কেবল নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে দোকানে গিয়েছিলেন। সাধারণ একটি কেনাকাটা রুশ হামলার কারণে মর্মান্তিক ঘটনায় পরিণত হয়েছে।’
এছাড়া, কাছের বিলয়া তসেরকভা শহরে একটি ব্যক্তিগত বাড়িতে হামলায় আরও একজন নিহত হয়েছেন। হামলার পর বাড়িটিতে আগুন ধরে যায় বলে তিনি জানান।
অন্যদিকে, ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রধানমন্ত্রী সেরহি কোরেতস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা নেমে আসায় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা আরও বাড়িয়েছে মস্কো।
এর আগে গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, কের্চ সেতুতে ইউক্রেনের হামলার জবাবে রাশিয়া আরও ‘অনেক বেশি যন্ত্রণাদায়ক’ পালটা হামলা চালাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন