প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ৩৯ বছর বয়সেও লিওনেল মেসির শারীরিক সক্ষমতা দেখে তিনি মোটেও অবাক নন। আলবিসেলেস্তেদের কোচ আবারও জানিয়েছেন, যে মেসি যতদিন খেলতে চান, ততদিনই তিনি বিশ্বের সেরা খেলোয়াড় থাকবেন বলে তার বিশ্বাস।
বর্তমান বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনে মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাঁচটি ম্যাচে তিনি ৮ গোল করেছেন এবং গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের ঠিক পেছনে রয়েছেন, যদিও এমবাপ্পে এক ম্যাচ বেশি খেলেছেন।
শেষ ষোলোতে মিশরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনে আর্জেন্টিনা ৩-২ গোলের জয় পায় এবং মেসি তারবড় ভূমিকা রাখেন। এই ম্যাচের পর তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আরও উঁচুতে নিয়ে গেছেন, ফুটবলের এই মহাযজ্ঞে তার গোলসংখ্যা এখন ২১টি।
উত্তর আফ্রিকার দলটির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থাকার পর শেষ ১১ মিনিটে মেসি একটি গোল করেন এবং ক্রিস্টিয়ান রোমেরোর গোলেও সহায়তা করেন।
সম্প্রতি, পেশির চোট থেকে সুস্থ হয়ে ষষ্ঠ বিশ্বকাপে নামার পূর্বে মেসির ফিটনেস নিয়ে কিছুটা প্রশ্ন ছিল।
শনিবার (১১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে স্কালোনি বলেন, 'লিও প্রায় সব ম্যাচেই একই পরিমাণ দৌড়ায়। শারীরিকভাবে বলতে গেলে, সে অবশ্যই তার ফিটনেস কোচের সঙ্গে বিশেষ প্রস্তুতি নিয়েছে, যার ফল পাওয়া যাচ্ছে। তবে পরিসংখ্যানের দিক থেকে সে খুব বেশি পরিবর্তন করেছে বলে মনে হয় না।'
তিনি আরও বলেন, 'যেটা পরিষ্কার, সে নিজের সবটুকু দিচ্ছে। যখন সে নিজের সবটুকু দেয় এবং বুঝতে পারে যে সে বিপদ তৈরি করতে পারে, তখন সে একটা মেশিনে পরিণত হয়।'
মেসির এই বিশ্বকাপের পরিসংখ্যান আরও ভালো হতে পারত, যদি তিনি মিশর ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটি পেনাল্টি মিস না করতেন। তবে স্কালোনি জানিয়েছেন, তিনি কখনোই মেসির কাছ থেকে পেনাল্টি নেওয়ার দায়িত্ব কেড়ে নেবেন না।
স্কালোনি বলেন, 'আমি কখনোই তার কাছে গিয়ে বলার চিন্তা করব না যে সে পরের পেনাল্টি নেবে না। আমাদের দলে পেনাল্টি নেওয়ার মতো খেলোয়াড় আছে, কিন্তু সে চাইলে সে-ই নেবে। আর না চাইলে সেটা তার সিদ্ধান্ত। মাঠে সে যা করতে চায়, তাকে সেটাই করতে দেওয়া হবে।'
বয়সের কারণে মেসির পারফরম্যান্স কমে যাবে, এমন প্রত্যাশা যারা করেছিলেন, তারা মেসিকে ভালোভাবে চেনেন না বলেও মন্তব্য করেন স্কালোনি।
তিনি বলেন, 'এটা আমাকে অবাক করে না। যারা তাকে চেনে না, তারা হয়তো ভেবেছিল ৩৯ বছর বয়সে সে আর এই পর্যায়ে থাকবে না। কিন্তু আমি কতবার বলেছি, সে যতদিন চাইবে, ততদিনই সে সেরা থাকবে। আমি এটা শুধু তার কোচ হিসেবে বলছি না, আমি সত্যিই এই বিষয়টি বিশ্বাস করি।'
রোববার (১২ জুলাই) সকালে কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষের প্রশংসা করে স্কালোনি বলেন, সুইজারল্যান্ড কোনভাবেই সহজ প্রতিপক্ষ নয়।
তিনি বলেন, 'কোনো সহজ প্রতিপক্ষ নেই, এটা আমরা সবাই জানি। তারা খুব ভালো দল। তারা সেরা জাতীয় দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এবং সবসময় নিজেদের প্রমাণ করে। তারা জিতুক বা হারুক, সবসময় লড়াই করে। তাদের বিশ্বকাপের ঐতিহ্য আছে, অভিজ্ঞ খেলোয়াড় আছে এবং তারা শারীরিকভাবেও শক্তিশালী।'
সুইজারল্যান্ডকে হারালে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা নরওয়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন