প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনা হিসেবে পরিচিত ‘স্যান্ডপেপার গেট’। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির সেই ঘটনা আবারও আলোচনায় এসেছে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর।
এবার বিতর্কে নতুন করে ঘি ঢেলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স। তার বক্তব্য, কেপটাউন টেস্টের পাশাপাশি সিরিজের প্রথম টেস্ট ডারবানেও বল বিকৃতি ঘটেছিল।
সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী ‘সবর’-এ ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে মন্তব্য করেছেন খাজা। তিনি দাবি করেছেন, কেপটাউন টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সকল খেলোয়াড়ই অবগত ছিলেন। কিন্তু শাস্তির মুখে পড়েছিলেন কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। খাজার মতে, পুরো ঘটনার দায় শুধুমাত্র এই তিনজনের ওপর চাপানো উচিত হয়নি।
খাজার এই মন্তব্যের পর ডি ভিলিয়ার্স নিজের অবস্থান প্রকাশ করেছেন। ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ২০১৮ সালের সিরিজে বল বিকৃতির ঘটনা কেপটাউনেই সীমাবদ্ধ ছিল না। পোর্ট এলিজাবেথের পাশাপাশি ডারবানেও এমন কিছু ঘটেছিল বলে তার দৃঢ় বিশ্বাস।
ডি ভিলিয়ার্সের ভাষায়, “আমি দেখছি, অনেকেই এখন স্বীকার করছেন পোর্ট এলিজাবেথেও এমন ঘটনা ঘটেছিল। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, ডারবানেও এর ব্যতিক্রম হয়নি। সেই ম্যাচের ভিডিও ফুটেজ দেখলেই বিষয়টি বোঝা যাবে। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।”
ডারবান টেস্টে বলের অস্বাভাবিক আচরণও তার সন্দেহের অন্যতম কারণ। ডি ভিলিয়ার্স বলেন, কিংসমিডে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা হেরেছিল। সেই ম্যাচে অস্বাভাবিক সময়ে বল রিভার্স সুইং করছিল। তার মতে, কিংসমিডের মতো মাঠে এত দ্রুত বলের রিভার্স সুইং হওয়ার কথা নয়। সেখানে দীর্ঘদিন ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকেই এমনটা মনে হয়েছে তার।
স্যান্ডপেপার-কাণ্ডে কে এই পরিকল্পনা সম্পর্কে জানতেন, আর কে জানতেন না—সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে সেই প্রশ্ন। তবে ডি ভিলিয়ার্স মনে করেন, আলোচনাটি ভুল দিকে যাচ্ছে। তার মতে, বল বিকৃতির জন্য স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল কি না, সেটি মূল বিষয় নয়; বরং আগে থেকেই অবৈধ কিছু করার পরিকল্পনা করাটাই সবচেয়ে গুরুতর অপরাধ।
তিনি বলেন, “সবাই এখন স্যান্ডপেপার নিয়ে ব্যস্ত। কে এটি ব্যবহারের কথা জানত, আর কে জানত না, সেটিই যেন আলোচনার মূল বিষয়। অথচ সবাই জানত, তারা নিয়মের সীমা অতিক্রম করে অবৈধ কিছু করতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে।”
অস্ট্রেলিয়া দলের প্রত্যেক খেলোয়াড়ই পরিকল্পনাটি সম্পর্কে অবগত ছিলেন বলে বিশ্বাস করেন ডি ভিলিয়ার্স। তবে এ ঘটনায় নির্দিষ্ট কাউকে দোষারোপ করতে চান না তিনি। তার ভাষায়, কাউকে বিপদে ফেলা কিংবা কে সঠিক, কে ভুল—সেই বিচার করা তার উদ্দেশ্য নয়। কিছু বিষয়ে নিজের দৃঢ় অবস্থান থাকলেও তা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য নয়।
স্যান্ডপেপার-কাণ্ডে জড়িত ক্রিকেটারদের বর্তমান পরিস্থিতি নিয়েও সহমর্মিতা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। তবে মাঠে সেদিনের অনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করেন না তিনি। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, ওই ঘটনার আগেও অন্য কোনো ম্যাচে এমন অনিয়ম হয়েছিল কি না, তা নিয়েও।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন