প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে বই পড়ার প্রতি উৎসাহিত করার উদ্দেশ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হয়েছে “বই উৎসব–২০২৬”। এই বই উৎসব ১ থেকে ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও এসডাব্লিউসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (১ নভেম্বর) বই উৎসবের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তিনি মন্তব্য করেন, ডিজিটাল প্রযুক্তির দ্রুত উন্নতির এই যুগে জ্ঞান আহরণের মাধ্যম বহুমাত্রিক হলেও মুদ্রিত বইয়ের গুরুত্ব ও আবেদন এখনও অটুট রয়েছে। মুদ্রিত বই মনোযোগ দিয়ে পড়ার সুযোগ সৃষ্টি করে, চিন্তার গভীরতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদে জ্ঞান ও মনন বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য আহ্বান জানান। ভাইস-চ্যান্সেলর বলেন, কুয়েটে বই উৎসব আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস ও জ্ঞানচর্চার পরিবেশ তৈরিতে একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং বই উৎসবে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মোঃ রকিবুল আলম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণের পরিচালক প্রফেসর ড. মোঃ হাসান আলী। উদ্বোধনের পর ভাইস-চ্যান্সেলর বই উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রদর্শিত বইগুলো দেখেন, স্টল সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং বইয়ের সমৃদ্ধ সংগ্রহ ও আয়োজনের প্রশংসা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পছন্দের বই সংগ্রহ ও নিয়মিত পাঠে উৎসাহিত করেন। কুয়েটের বইপ্রেমী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই বই উৎসবে জ্ঞান, সাহিত্য, বিজ্ঞান ও সৃজনশীলতাসহ বিভিন্ন বিষয়ের সমৃদ্ধ বইয়ের পসরা সাজানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন