প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় এক দলিত কিশোরী গণধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন। ১৭ বছর বয়সী ওই কিশোরী ছয় দিন মৃত্যুর সাথে লড়াই করার পর মারা যান।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৬ নভেম্বর রাজধানী আগ্রার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে দুই ভাই রয়েছে।
গত ৩১ অক্টোবর সন্ধ্যায় কিশোরীটি শৌচকর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন সকালে স্থানীয় এক বাসিন্দা তাকে প্রায় এক কিলোমিটার দূরে একটি মাঠের মধ্যে অচেতন অবস্থায় দেখতে পান। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে আগ্রার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
পুলিশ জানিয়েছে, প্রযুক্তি নজরদারি এবং কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণের মাধ্যমে প্রতিবেশী গ্রামের তিন অভিযুক্তের সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়েছে।
গত ২ নভেম্বর পুলিশের বিশেষ অভিযানে অভিযুক্ত ঋষি যাদব (২১) ও তার বড় ভাই জগত যাদব (২৮) গ্রেপ্তার হন। পরের দিন তাদের সহযোগী আশিক ওরফে শিবাংশু (২৪)-কেও গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্তরা সবাই ওবিসি সম্প্রদায়ের সদস্য এবং পেশায় দিনমজুর ও ট্রাক্টরচালক। পুলিশ জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঋষি দাবি করেছেন, তার ওই কিশোরীর সাথে ছয় মাসের পরিচয় ছিল এবং ঘটনার রাতে তিনি কিশোরীটিকে মাঠে ডেকে এনেছিলেন। প্রথমে ঋষি এবং পরে তার বন্ধু আশিক কিশোরীটিকে ধর্ষণের চেষ্টা করে। কিশোরীটি বাধা দিলে তারা তাকে জুতো দিয়ে মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
তবে পুলিশের এই দাবি প্রত্যাখ্যান করে কিশোরীটির বড় ভাই জানান, তার বোনকে কেউ ডেকে নেয়নি, সে মূলত খোলা জায়গায় শৌচকর্ম করতেই বাইরে গিয়েছিল। সাত ভাইবোনের মধ্যে সবার ছোট এই কিশোরী ঘরের কাজ করতে ভালোবাসতেন বলে তিনি জানান।
কিশোরীটির মৃত্যুর পর দোষীদের কঠোর শাস্তি ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পরিবার ও স্থানীয় সংগঠনগুলো গ্রামে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জ্যেষ্ঠ পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
কর্মকর্তারা পরিবারকে আশ্বস্ত করেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ‘গ্যাংস্টার অ্যাক্ট’ প্রয়োগ করা হবে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
গত শুক্রবার সন্ধ্যায় কড়া নিরাপত্তায় কিশোরীটির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে জানিয়ে স্থানীয় থানার স্টেশন অফিসার বলেন, কিশোরীটির গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। বর্তমানে অভিযুক্ত তিনজনেই জেলহাজতে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন