প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় নানা অনিয়ম এবং দুর্নীতির কারণে চরম সমস্যার সম্মুখীন হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীরা ডিসি অফিসের বিভিন্ন শাখায় নিয়মিত দায়িত্ব পালন করে চলেছেন।
জেলা প্রশাসক কার্যালয়ে দুর্নীতির অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হলো- ভেন্ডার লাইসেন্স ও অন্যান্য বাণিজ্যিক লাইসেন্স সহজীকরণ ও প্রদানের সময় স্থানীয় তহবিলে (এলআর ফান্ড) অতিরিক্ত টাকা নেওয়া, রেকর্ড রুম থেকে পর্চা দেওয়ার সময় ঘুষ গ্রহণ, জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলার একাংশ স্ট্যাম্প-ভেন্ডার অফিস ভাড়া দিয়ে নির্ধারিত হারে এলআর ফান্ডে মাসিক টাকা আদায় করা, প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেওয়ার নামে জুনিয়র বৃত্তি পরীক্ষা, এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম ও ভোকেশনালসহ অন্যান্য পরীক্ষায় প্রতি পরীক্ষার্থীর মাথাপিছু নির্ধারিত হারে এলআর ফান্ডে টাকা নেওয়া। এছাড়াও, বিভিন্ন মেলা, ইটভাটা, ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে এলআর ফান্ডে টাকা আদায় যেন নিয়মে পরিণত হয়েছে। জেলা প্রশাসকের এলআর ফান্ডে লাখ লাখ টাকা জমা হলেও তা কোথায় ব্যয় হচ্ছে, তার সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না।
জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের কয়েকটি পদে চাকরি থেকে অবসর নেওয়ার পরও রহস্যজনক কারণে অর্ধডজন কর্মকর্তা-কর্মচারী নিয়মিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। যদিও কাগজে-কলমে ‘ডিজিটাল ও স্মার্ট সেবা’র কথা বলা হচ্ছে, বাস্তব চিত্র সম্পূর্ণ বিপরীত। সরকারি নির্দেশনা অনুযায়ী পোর্টাল নিয়মিত হালনাগাদের নিয়ম থাকা সত্ত্বেও এখানকার তথ্য বাতায়ন কার্যত অচল। বদলি হওয়া কর্মকর্তাদের তালিকাও হালনাগাদ করা হয় না, জরুরি যোগাযোগের নম্বরগুলোও কাজ করে না। ফলে সাধারণ মানুষ প্রতিদিন অনলাইনে তথ্য খুঁজতে গিয়ে চরম বিভ্রান্তি ও ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় লোকজন ও সেবাগ্রহীতাদের অভিযোগ, তাহসিনা বেগম শরীয়তপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর থেকেই কার্যালয়ের বিভিন্ন শাখায় অনিয়ম-দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। উন্নয়নমূলক কর্মকাণ্ডও মুখ থুবড়ে পড়েছে। জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা, আইনশৃঙ্খলা কমিটি, শিক্ষা খাত, রাজস্ব দপ্তর এবং নারী উন্নয়ন অধিদপ্তরগুলোতে অনিয়ম ও দীর্ঘসূত্রতা জেঁকে বসেছে। জেলা প্রশাসক পদাধিকারবলে জেলার আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি, জেলা উন্নয়ন সমন্বয় কমিটি, জেলা রাজস্ব প্রশাসনসহ সরকারি প্রতিটি দপ্তর ও নারী উন্নয়ন সংস্থাগুলোর প্রধান অভিভাবক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুসন্ধানে জেলা প্রশাসনের লাইসেন্স শাখায় নজিরবিহীন দুর্নীতির চিত্র উঠে এসেছে। স্ট্যাম্প ভেন্ডার অনুমোদনসহ বিভিন্ন বাণিজ্যিক অনুমোদন সহজীকরণ ও প্রদানের ক্ষেত্রে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা করা হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীদের অভিযোগ, ভেন্ডার লাইসেন্সের জন্য সরকার নির্ধারিত ফি মাত্র ৯৫০ টাকা, কিন্তু জেলা প্রশাসকের এলআর ফান্ডের নামে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক সেবাকেন্দ্র মহাফেজখানা (রেকর্ড রুম) এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভূমি মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনাকে উপেক্ষা করে শামসুন্নাহার নামের এক রেকর্ড কিপার দীর্ঘদিন ধরে একই চেয়ারে রয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা ছাড়া এখানে কোনো ফাইল নড়ে না। এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলায় অনেক ভুক্তভোগী সেবা থেকে বঞ্চিত হয়েছেন। ভুক্তভোগীরা বলেন, ডিসি অফিসের কর্মচারীদের বিরুদ্ধে বললে পরে আর কোনো দিন এই অফিস থেকে সেবা পাওয়া যাবে না—এ ভয়ে তাঁরা মুখ খোলার সাহস পান না।
চন্দ্রপুর এলাকার ইকবাল হোসেন অভিযোগ করেন, মহাফেজখানা থেকে একটি পর্চা সংগ্রহ করেন তিনি। সেই পর্চা অনুযায়ী তাঁদের মালিকানা ছিল। কয়েক দিন পর আরেক ব্যক্তি একই দাগ-খতিয়ানের পর্চা সংগ্রহ করেন, যেখানে ইকবালদের নাম ও মালিকানা ছিল না। এ বিষয়ে স্থানীয়ভাবে তাঁরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। টেবিলে টেবিলে টাকা দিলে পর্চার ধরনও বদলে যায় বলে অভিযোগ তাঁর।
জাজিরার পালের চর গ্রামের মাহবুব আলম, ছয়গাঁও গ্রামের আবুল কালাম, বাবুল মাঝিসহ একাধিক ভুক্তভোগী জানান, নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা না দিলে পর্চা বা খতিয়ান পাওয়া যায় না। তবে অভিযোগ অস্বীকার করে রেকর্ড কিপার শামসুন্নাহার বলেন, ‘এখানে কোনো অনিয়ম হয় না, ভুলত্রুটি থাকতে পারে।’
এ ছাড়া জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া জমির মিউটেশন বা নামজারি এবং পর্চার কোনো ফাইল নড়ে না বলে অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও জেলা রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান তদারকি বা শুদ্ধি অভিযানের নজির দেখা যায়নি। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত ও প্রচারিত হলে ১১টি ইউনিয়নের তহশিলদারকে শাস্তিস্বরূপ শুধু বদলি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক জানান, প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেওয়ার নাম করে জেলা প্রশাসকের এলআর ফান্ডে জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রতি কেন্দ্র থেকে পরীক্ষার্থী হিসেবে ৮ থেকে ১০ হাজার টাকা করে জমা নেওয়া হয়। এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম ও ভোকেশনালসহ অন্যান্য পরীক্ষায় প্রতিবছর পরীক্ষার্থীপ্রতি ১৫ টাকা হারে বছরে লাখ লাখ টাকা এলআর ফান্ডে আদায় করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যমতে, সেলিম মিয়া দীর্ঘদিন প্রশাসনিক কর্মকর্তা পদে দায়িত্ব পালন করে চলতি বছরের ১১ মে অবসর গ্রহণ করেন। অবসরে যাওয়ার পরও তিনি নিয়মিত অফিস করছেন। আরএমও শাখায় উপপ্রশাসনিক কর্মকর্তা পদে দীর্ঘদিন চাকরি করে বহু আগেই অবসরে গেছেন রফিকুল ইসলাম বাদল। কিন্তু তিনিও নিয়মিত অফিস করছেন। চাকরির বয়স শেষ করে অবসরে গিয়েও উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক মৃধা (সিএ টু এডিএম) নিয়মিত অফিস করে যাচ্ছেন। বিমল চন্দ্র মুখার্জি অফিস সহায়ক থেকে অফিস সহকারী পদে পদোন্নতি পেয়ে ২০২৫ সালের ২ আগস্ট অবসর গ্রহণ করেন। তিনিও অদ্যাবধি ট্রেজারি শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অবসরে গিয়েও সেলিম কাজী নামের আরেক চতুর্থ শ্রেণির কর্মচারী ভূমি অফিসে প্রভাব খাটিয়ে দায়িত্বে রয়েছেন। এ ছাড়া কয়েকটি ভূমি অফিসে জমির নামজারি, জমা খারিজ, খাজনা আদায়সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন নিয়োগবহির্ভূত বাইরের লোকজন।
কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী পরিচয় গোপন রাখার শর্তে ক্ষোভ প্রকাশ করে জানান, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা চেয়ার দখল করে রাখায় বর্তমানে কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারী তাঁদের ন্যায্য পদে বসতে পারছেন না। জানা গেছে, সরকারি চাকরি আইন-২০১৮ অনুযায়ী এলপিআরে থাকা অবস্থায় চাকরিতে পুনরায় ফিরে আসার সুযোগ নেই। অবসরে যাওয়া রফিকুল ইসলাম বাদল কেন নিয়মিত দায়িত্ব পালন করছেন, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এভাবেই অফিসে একটু সহযোগিতা করি মাত্র।’
এদিকে জেলা প্রশাসকের তদারকিতে থাকা জেলা শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষার ফলাফলে ধস নেমেছে। ২০২৬ সালের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে পাসের হার যেখানে ৬২ দশমিক ২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে ৭১ দশমিক ৬০ শতাংশ, সেখানে শরীয়তপুর সদর উপজেলায় এই হার নেমে এসেছে মাত্র ৪৬ দশমিক ২৫ শতাংশে। এ বিপর্যয়ের মূলে রয়েছে খোদ জেলা প্রশাসকের সরাসরি নিয়ন্ত্রণে ও সভাপতিত্বে থাকা প্রধান তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান।
জেলা প্রশাসক যে স্কুলের ভর্তি কমিটির সভাপতি, সেই ঐতিহ্যবাহী পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়ে ২৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২১ জনই ফেল করেছে; পাসের হার মাত্র ৪৮ দশমিক ০৭ শতাংশ। জেলা প্রশাসক কর্তৃক সরাসরি পরিচালিত কালেক্টরেট পাবলিক উচ্চবিদ্যালয়ের অবস্থা আরও করুণ, সেখানে ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জনই ফেল করেছে; পাসের হার মাত্র ৩৩ দশমিক ৩৩ শতাংশ এবং জিপিএ-৫-এর সংখ্যা শূন্য। শরীয়তপুর মহিলা দাখিল মাদ্রাসার ১১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছেন। এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জেলার দুটি প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেও আলোচনায় রয়েছে। একইভাবে জেলা প্রশাসকের তদারকিতে থাকা জেলার নারী শিক্ষার প্রধান বিদ্যাপীঠ শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ সদরের প্রধান বিদ্যালয়গুলোর এমন ফল বিপর্যয়ে পুরো জেলার শিক্ষা খাতে স্থবিরতা স্পষ্ট হয়েছে।
শিক্ষার এই নজিরবিহীন ভরাডুবি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেন, ‘সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয় ও কালেক্টরেট পাবলিক স্কুলের মতো জেলার অন্যতম প্রধান স্কুলগুলোর দায়িত্ব যখন জেলা প্রশাসকের হাতে থাকে, তখন এই ব্যর্থতার দায় প্রশাসন এড়াতে পারে না।’
জেলা মানবাধিকার কমিশনের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, ‘সাবেক জেলা প্রশাসকের কলঙ্কের দাগ কাটিয়ে জেলাবাসী আইনি সুশাসন আশা করেছিল, কিন্তু বর্তমান জেলা প্রশাসকের ব্যর্থতায় তার কোনোটিই পূরণ হয়নি। পরবর্তী সময়ে নতুন সরকারের উন্নয়নকামী ও নরম মনোভাবকে পুঁজি করে জেলা প্রশাসক নিজের অনৈতিক অবস্থানকে আরও শক্ত করেছেন, যা অত্যন্ত দুঃখজনক।’ সচেতন মহলের মতে, শরীয়তপুর জেলা প্রশাসনের এই গভীর অনিয়ম এবং শিক্ষা ও সামাজিক খাতের স্থবিরতা দূর করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও দৃশ্যমান প্রশাসনিক সংস্কার এখন সময়ের দাবি।
সামগ্রিক অব্যবস্থাপনা ও ঘুষ-দুর্নীতির বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক তাহসিনা বেগম সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিকদের বলেন, ‘ওয়েবসাইট আপডেটের কাজ চলছে। অন্যান্য অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন