প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন’-এ যুদ্ধের জন্য রোবট বাহিনী প্রদর্শিত হয়েছিল। এক দশকেরও বেশি সময় পর ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রোবট ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করছে। ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ শনিবার জানিয়েছেন, দেশটি একটি নতুন ‘রোবট বাহিনী’ গঠনের উদ্যোগ নিচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যুদ্ধে মানুষের প্রাণহানি কমানোর জন্য অধিক রোবট ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ফেদোরভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার কয়েক মাস পর তিনি এই উদ্যোগের কথা জানালেন।
ফেদোরভের মতে, ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করার অংশ হিসেবে ‘রোবট বাহিনী’ গঠন করা হচ্ছে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, ২০২২ সালে শুরু হওয়া তাঁর ‘আর্মি অব ড্রোনস’ প্রকল্পের আদলে এবার ‘আর্মি অব রোবটস’ গড়ে তোলা হবে।
ফেদোরভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ইউক্রেনের পরবর্তী প্রযুক্তিগত লক্ষ্য হলো যুদ্ধে রোবটের ব্যবহার বৃদ্ধি করা।’ তিনি উল্লেখ করেছেন, ‘আর্মি অব রোবটস’ একটি প্রতিষ্ঠান হবে না, বরং এটি প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পের একটি বৃহৎ ব্যবস্থা। ফেদোরভ বলেন, সরকার প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানিগুলোতে বিনিয়োগ করবে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে। এসব প্রযুক্তি সেনাবাহিনীর সঙ্গে পরীক্ষা করা হবে এবং যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত প্রযুক্তিগুলোর ব্যবহার আরও বৃদ্ধি করা হবে।
ফেদ্রোভের শেয়ার করা ‘আর্মি অব রোবটস’ ওয়েবসাইটে এই উদ্যোগের জন্য বিভিন্ন ক্ষেত্রের দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের আবেদন করতে বলা হয়েছে। ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, রাশিয়া দ্রুত নতুন প্রযুক্তি নকল করে তা উৎপাদনে নিয়ে আসছে। তাই যুদ্ধক্ষেত্রে অধিক সেনা পাঠানোর পরিবর্তে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভবিষ্যতে এমন রোবট তৈরি করার লক্ষ্য রয়েছে, যেগুলো যুদ্ধ, নজরদারি, উদ্ধারকাজ ও রসদ সরবরাহে কাজ করতে সক্ষম হবে। ইউক্রেনের সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তির উন্নয়নে বড় ধরনের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। ফেদ্রোভ তার পোস্টের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ভিডিওও প্রকাশ করেছেন।
রোবট বাহিনী যেসব কাজ করবে
ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদ্রোভ বলেছেন, রোবট বাহিনী তৈরির মূল লক্ষ্য হলো যুদ্ধক্ষেত্রে মানুষের প্রাণহানি কমানো। তিনি জানান, ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজে রোবট ব্যবহার করা হবে, যার মধ্যে রয়েছে আহতদের উদ্ধার, গোলাবারুদ পৌঁছে দেওয়া, মাইন পাতা ও সরানো, শত্রুর অবস্থান নজরদারি এবং সামরিক অবস্থানে হামলা চালানো।
ফেদ্রোভের প্রকাশ করা একটি ভিডিওতে বিভিন্ন ধরনের রোবটকে যুদ্ধক্ষেত্রে কাজ করতে দেখা গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রোবটগুলো শত্রুর অবস্থানে হামলা চালাবে এবং মানুষের জন্য নিরাপদ পথ তৈরি করবে। পরিকল্পনা অনুযায়ী, মানুষ দূর থেকে রোবটগুলো নিয়ন্ত্রণ করবে। এলাকা নিরাপদ হওয়ার পর সেনারা সেখানে প্রবেশ করবে। ফেদ্রোভ আরো জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে হিউম্যানয়েড রোবট দিয়ে শত্রু সেনার ওপর হামলা চালানোর লক্ষ্য রয়েছে। এক বছরের মধ্যে কোনো পদাতিক সেনা ছাড়াই শত্রুর অবস্থানে হামলা চালানোর লক্ষ্যও রয়েছে।
ইউক্রেনে ইউজিভির ব্যবহার বাড়ছে
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন চালকবিহীন স্থলযান বা ইউজিভির ব্যবহার ক্রমাগত বাড়াচ্ছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে ইউজিভি ব্যবহারের মাধ্যমে পরিচালিত মিশনের সংখ্যা ৩ দশমিক ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের আগস্ট মাসে ইউজিভির মাধ্যমে সম্মুখ সমরে ২৫ হাজারের বেশি রসদ সরবরাহ ও উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু পর্যন্ত ২০২৬ সালের শুরু থেকে ইউজিভির মাধ্যমে প্রায় ১ লাখ ১২ হাজার রসদ সরবরাহ ও উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। চলতি মাসের শুরুতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সামরিক বাহিনী ‘হায়েনা’ নামে পরিচিত চার চাকার চালকবিহীন যানসহ বিভিন্ন ধরনের রোবট তৈরি করছে। এসব রোবট বিস্ফোরক বহন করে রাশিয়ার প্রতিরক্ষা অবস্থানের দিকে এগিয়ে যেতে পারে। এগুলো শত্রুপক্ষের বাঙ্কারে হামলা অথবা তাদের অগ্রযাত্রা ঠেকাতে ব্যবহার করা হতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, একই ধরনের একটি রোবট রুশ যুদ্ধবন্দীদের আটক করার কাজেও ব্যবহার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন