প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একটি আন্তর্জাতিক সোর্সিং এক্সপোর সফলতা শুধুমাত্র অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা দ্বারা নির্ধারিত হয় না; বরং এক্সপোর মাধ্যমে কতগুলো কার্যকর ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছে, সম্ভাব্য রপ্তানি আদেশ বাস্তব বাণিজ্যে রূপ নিয়েছে এবং নতুন বাজারের সুযোগ সৃষ্টি হয়েছে, তার ওপরই এর সফলতা নির্ভর করে। তাই এক্সপোতে গড়ে ওঠা ব্যবসায়িক যোগাযোগের যথাযথ ফলোআপ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
গতকাল মঙ্গলবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৫ থেকে ১৭ নভেম্বর এ এক্সপো অনুষ্ঠিত হয়।
বাণিজ্য সচিব উল্লেখ করেন, বাংলাদেশের উৎপাদন সক্ষমতা এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই অগ্রযাত্রাকে টেকসই করতে পণ্যের গুণগত মান উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পণ্যের মান, আন্তর্জাতিক কমপ্লায়েন্স, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য। এ ধরনের আয়োজন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরিতেও সহায়ক হতে পারে। অনুষ্ঠানে তিনি আগামী ৮ নভেম্বর ২০২৭ তৃতীয় গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকার আয়োজনের তারিখ ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। তিনি জানান, এবারের এক্সপোতে ১৬১টি প্রতিষ্ঠান ও ২৪০টি স্টলের মাধ্যমে বাংলাদেশের বহুমুখী উৎপাদন ও রপ্তানি সক্ষমতা তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চল থেকে আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিদের অংশগ্রহণ বাংলাদেশের প্রতি বৈশ্বিক ক্রেতাদের আগ্রহ ও আস্থার প্রতিফলন।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন শুধু তৈরি পোশাকনির্ভর রপ্তানি গন্তব্য নয়; বরং চামড়াজাত পণ্য, কৃষি ও কৃষিজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, প্লাস্টিক, ওষুধ, আইসিটি, লাইট ইঞ্জিনিয়ারিং, সিরামিকস ও ফার্নিচারসহ বিভিন্ন খাতে বহুমুখী সোর্সিং হাব হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইপিবির মহাপরিচালক মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ। ধন্যবাদ বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ উল্লাহ, এফসিএমএ।
এবারের এক্সপোতে ১২টি রপ্তানি খাতের প্রতিষ্ঠান অংশ নেয়। খাতগুলো হলো—অ্যাপারেলস ও টেক্সটাইলস, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোমডেকর, ফার্মাসিউটিক্যালস, আইসিটি, পেপার ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার। ১১টি দেশের বিদেশি ক্রেতারা এতে অংশ নেন।
তিন দিনের আয়োজনে চারটি বিশেষ সেমিনার, ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বি২বি বৈঠক, কারখানা পরিদর্শন, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোর আয়োজন করা হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পক্ষে বক্তব্য দেন আজুরা ফ্যাশনের স্বত্বাধিকারী শান্তা কবির, নতুনত্ব বুটিকসের স্বত্বাধিকারী হাসিনা মোক্তার, সন্ধিবাজারের স্বত্বাধিকারী ইয়াসির রেজা এবং আয়ত ফার্নিচারের স্বত্বাধিকারী দেওয়ান আতিফ রশিদ। তারা দেশি-বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, পণ্যের পরিচিতি বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরির অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ১২টি রপ্তানি খাত থেকে নির্বাচিত সেরা প্রতিষ্ঠানগুলোকে বেস্ট স্টল অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন