প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল, ১৮ নভেম্বর, ২০২৬ : গৌরনদী এলাকায় অভিযান চালিয়ে আলোচিত জর্দা শামীমের আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
এই অভিযানে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার, একটি এয়ারগান, ৩৩টি পিস্তল ম্যাগাজিন এবং ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজসহ মোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় জর্দা শামীমের তিন সহযোগীকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে অভিযানটি পরিচালিত হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন—শাহে আলম (৫০), বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। সবাই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।
আজ বুধবার এসআরবি-৮ এর বরিশালের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা নজরদারিতে জানা গেছে, জর্দা শামীম গ্রেফতার হওয়ার পর তার কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ গৌরনদীতে তার মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ সরিয়ে নেওয়া হয়।
পরে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং কেনাবেচার ব্যবস্থা করা হয়।
এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে অভিযানের পরিচালনাকারী দল থেকে।
এসআরবি-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল বাটাজোর এলাকার ওই বসতবাড়িতে অভিযান চালায়।
অভিযানের সময় বাড়িতে অবস্থানরত তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।
উদ্ধার করা গোলাবারুদের মধ্যে রয়েছে ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলবারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজ।
এছাড়া ৩৩টি পিস্তল ম্যাগাজিন, একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন ও আলামত রাখার ১০টি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ আটক তিনজনকে গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআরবি-৮-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের উৎস, কেনাবেচার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে ছায়া তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, জর্দা শামীম নামে পরিচিত মোহাম্মদ শামীম আহমেদকে গত ৬ মে ২০২৬ রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন