প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকায় অনুষ্ঠিত গ্রাম পুলিশের মহাসমাবেশে নিহত জামশেদ আলীর পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই সহায়তা প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেওয়া হয়।
শনিবার (৭ নভেম্বর) রাতে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী নিহত জামশেদের স্ত্রীর হাতে এই অর্থ তুলে দেন।
জামশেদ আলী বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের দফাদার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সারাদেশের গ্রাম পুলিশের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার (৬ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা থেকে ৮৪ জন গ্রাম পুলিশ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন। তাদের মধ্যে জামশেদ আলীও ছিলেন।
শনিবার সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশের অপেক্ষায় ছিলেন তারা। এ সময় প্রবেশপথের কাছাকাছি পৌঁছালে জামশেদ আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বিমান বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় জামশেদ আলীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামপুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন