প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি উল্লেখ করেছেন যে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টিআর (টেস্ট রিলিফ), জিআর (জেনারেল রিলিফ), ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন সাধিত হয়েছে এবং প্রান্তিক জনগণের মধ্যে আর্থিক প্রবাহ সঞ্চারিত হয়েছে।
তিনি আরও বলেন, খাল খনন বর্তমান সরকারের প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বিবেচিত। শুষ্ক মৌসুমে চাষাবাদ, বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন এবং খালে মাছ চাষ ও খালপাড়ে গাছ লাগানোর মাধ্যমে এই প্রকল্প গ্রামীণ জনজীবনে আমূল পরিবর্তন আনবে।
এ বিষয়ে তিনি জানান, আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘মডেল খাল’ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘ডিআরআরও (জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা) ও পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দকৃত কোনো টাকা যেন ফেরত না যায় এবং অর্থের অপচয় না ঘটে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।
দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে সারাদেশ থেকে আগত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ (পিআইও) অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন