প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ একটি বিস্ফোরণ ঘটনার খবর পাওয়া গেছে। এই ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। একই সাথে আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।
শনিবার (১৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি আতশবাজি কারখানা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত ৯ জনের অবস্থা খুবই গুরুতর।
ট্যালেন্ট ফায়ারওয়ার্কস নামের এই কারখানাটি আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত। অতীতে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। কিন্তু, তারপরও সেটি স্থানীয় একটি খামারে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগরের সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে তারা বিস্ফোরণের খবর পান। এরপর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও আরএএফের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন।
এদিকে, এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে এককালীন ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, গুজরাটের আহমেদাবাদে একটি আতশবাজি কারখানায় দুর্ঘটনায় প্রাণহানির খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
ভারতের প্রধানমন্ত্রী আরও জানান, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সম্ভব সহায়তা প্রদান করতে প্রস্তুত রয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে পিএমএনআরএফের পক্ষ থেকে দুই লাখ রুপি করে এককালীন অনুদান প্রদান করা হবে। পাশাপাশি, আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন