প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিঙ্গাপুরের আদালত বাংলাদেশি এক যুবককে কারাদণ্ড প্রদান করেছে, যিনি সিঙ্গাপুর এয়ারলাইনসের (এসআইএ) একটি উড়োজাহাজে এক নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি এবং একটি পুলিশ সদস্যের গায়ে থুতু দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন। ২৩ বছর বয়সি খন্দকার মোহাম্মদ ইয়ামিনকে দুই মাস ও আট সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত ২৩ নভেম্বর, ইয়ামিন দোষ স্বীকার করার পর তার সাজা ঘোষণা করা হয়। সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এই তথ্য প্রকাশ করেছে।
আদালতের নথি অনুযায়ী, ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রা করার সময় ইয়ামিন তিন গ্লাস ওয়াইন পান করে মাতাল হয়ে পড়েন। ভোর ৪টার দিকে, তিনি নিজের আসনে বসে থাকা অবস্থায় এক নারী কেবিন ক্রুর গায়ে হাত দেন। ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো আদালতকে জানান, স্পর্শের ঘটনা কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল।
২৬ বছর বয়সি ওই নারী আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে ইয়ামিনকে তাকে স্পর্শ করতে নিষেধ করেন। ইয়ামিন তার দিকে তাকিয়ে হাসেন এবং কিছু বলেননি। পরে ওই নারী তার সহকর্মীকে বিষয়টি জানান। সহকর্মী ইয়ামিনের মুখোমুখি হলে পুলিশকে খবর দেওয়া হয়। ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পরে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি পাওয়ার পর, ৭ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাকে মাতাল অবস্থায় পাওয়া যায়। তিনি কাঁদছিলেন, অসংলগ্নভাবে চিৎকার করছিলেন এবং একটি শক্ত জায়গায় হেলান দিয়ে ছিলেন।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর জানান, পুলিশ সদস্যরা সেখানে গিয়ে ইয়ামিনকে মাতাল অবস্থায় পান। তার নাক দিয়ে রক্ত পড়ছিল। চিকিৎসাকর্মীরা তার রক্তচাপ মাপার চেষ্টা করলে তিনি সহযোগিতা করেননি। বরং মাটিতে শুয়ে হাত-পা ছুড়তে থাকেন।
পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সিগারেট দেওয়ার দাবি পূরণ না হওয়ায় তিনি আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে, তার পা ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেন।
এই ঘটনায় ইয়ামিনের বিরুদ্ধে যৌন হয়রানি এবং সরকারি দায়িত্ব পালনরত ব্যক্তির ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগ আনা হয়। তিনি উভয় অভিযোগেই দোষ স্বীকার করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন