প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো নারী শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে সৌন্দর্য প্রতিযোগিতার পরিবর্তে বিশেষ বিজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত জুন মাসে, দেশব্যাপী সকল সৌন্দর্য প্রতিযোগিতা সাময়িকভাবে স্থগিত করার পর, গণিত ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তরুণীদের উৎসাহিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশটির সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরের নেতৃত্বাধীন সরকার জানায়, দেশের ‘সাংস্কৃতিক পরিচয়, সামাজিক মূল্যবোধ এবং মানব মর্যাদা’ রক্ষার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার আরও জানায়, এসব প্রতিযোগিতা বুরকিনা ফাসোর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য নতুন নীতিমালা তৈরির কাজ চলছে।
গত আগস্ট মাসে, সরকার ‘হাকিলি মুসো’ নামে একটি জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় ৮৪ জন তরুণী গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নে নিজেদের মেধার পরিচয় দেন। প্রতিযোগিতায় সাফল্য অর্জন করা অংশগ্রহণকারীদের জন্য ট্রফি এবং উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ বা বৃত্তি প্রদান করা হয়।
ইভেন্টের শেষে রাষ্ট্রপতি ইব্রাহিম ত্রাওরে বিজয়ীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। তিনি তরুণীদের বিজ্ঞানভিত্তিক ক্যারিয়ার গড়ার এবং বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহিত করেন। এর আগে, ৮ জুন তারিখে, দেশের যোগাযোগ, সংস্কৃতি, শিল্প ও পর্যটন মন্ত্রণালয় থেকে সৌন্দর্য প্রতিযোগিতা স্থগিত করার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
সরকারের এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তরুণীদের বিজ্ঞান শিক্ষায় অনুপ্রাণিত করার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটি সত্যিই এক দূরদর্শী সিদ্ধান্ত! চিন্তা করে দেখুন এটি কত শত তরুণীকে অনুপ্রাণিত করবে!’ অন্য একজন বলেন, ‘একজন নারীকে শিক্ষিত করা মানে পুরো পরিবারকে শিক্ষিত করা। তাছাড়া বিউটি ইন্ডাস্ট্রি উপকারের চেয়ে তরুণীদের ক্ষতিই বেশি করেছে।’
তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু সমালোচনা তৈরি হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত পছন্দের গুরুত্ব তুলে ধরে অনেকে বলছেন, বিজ্ঞানকে উৎসাহিত করার মানে এই নয় যে সৌন্দর্য বা নারীত্বকে উপেক্ষা করা উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন