প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী ঢাকার ওয়ারীতে একটি আবাসিক হোটেলের ভেতরে ঢুকে ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুই ব্যক্তি। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক হোটেল ম্যানেজারকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম নাঈমুর রহমান (২৬) বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে ওয়ারীর ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এই হামলার ঘটনা ঘটে।
নিহত নাঈমুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি ওয়ারী এলাকার ওই হোটেলটিতেই বসবাস করতেন। আহতদের মধ্যে রয়েছেন—হোটেলটির জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) এবং হোটেল স্টাফ মো. হাসান (২৬)। আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম রয়েছে এবং হাসানের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বর্তমানে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন মিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে দুইজন দেশীয় অস্ত্র নিয়ে জয়কালী মন্দিরের পাশের ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে প্রবেশ করে। এরপর তারা হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। নাঈমুরকে বাঁচাতে এগিয়ে আসলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও স্টাফ হাসানকেও কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন