প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মিরসরাইয়ে এক প্রসূতি মা কোনো ধরনের সিজারিয়ান অপারেশন ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার বারইয়ারহাটের বিএম হাসপাতালে এই তিন নবজাতকের জন্ম ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রামগড় থেকে চিকিৎসার জন্য প্রসূতি মা বিএম হাসপাতালে আসেন। এরপর ডা. সৈয়দা ফারহিন আজম ও সিনিয়র নার্স হাসনা হেনার তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে দুটি ছেলে এবং একটি মেয়ের জন্ম দেন তিনি। তিন নবজাতকের মধ্যে বর্তমানে দুজন সুস্থ রয়েছে। অন্য নবজাতকটি তুলনামূলক কম ওজন নিয়ে জন্ম নেওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য এনআইসিইউতে রাখা হয়েছে। সেখানে শিশুর বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান রয়েছে।
নবজাতকের পিতা আনোয়ার হোসেন বলেছেন, "একসঙ্গে তিন সন্তানের বাবা হতে পেরে আমি ও আমার পরিবার অত্যন্ত আনন্দিত। আল্লাহর রহমতে মা ও দুই সন্তান সুস্থ আছে। আরেক সন্তানকে এনআইসিইউতে রাখা হয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।" বিএম হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সবার প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
বিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি ভূঞা রাহাত জানিয়েছেন, "একসঙ্গে তিন সন্তানের নরমাল ডেলিভারি নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং বিষয়। তবে অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় কোনো ধরনের সিজারিয়ান অপারেশন ছাড়াই সফলভাবে ডেলিভারি সম্পন্ন হয়েছে। মা ও দুই নবজাতক বর্তমানে সুস্থ আছে। অপর নবজাতকটি কম ওজন নিয়ে জন্ম নেওয়ায় তাকে এনআইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন