প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আয়ারল্যান্ডের লেগ স্পিনার বেন হোয়াইট পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাত্র ২৮ বছর বয়সে। ক্রিকেটার হিসেবে তার ক্যারিয়ারের সমাপ্তি ঘটিয়ে, তিনি ইতোমধ্যে নতুন পেশায় যোগ দিয়েছেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান পারসোনিওতে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন হোয়াইট।
আয়ারল্যান্ডের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছিলেন হোয়াইট গত বছরের ডিসেম্বরে। জাতীয় দলের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৪৩টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন এই লেগ স্পিনার।
২০২১ সালের জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে হোয়াইটের। আয়ারল্যান্ডের রিস্ট স্পিনের ঘাটতি পূরণে তাকে দীর্ঘমেয়াদি সম্ভাবনা হিসেবে দেখা হয়েছিল। ৩৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তার শিকার ৩৬ উইকেট।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০২৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের দলে অন্তর্ভুক্ত ছিলেন তিনি। তবে তিন আসরে খেলার সুযোগ পেয়েছেন মাত্র তিনটি ম্যাচে।
সাদা পোশাক ও ওয়ানডে ক্রিকেটে নিয়মিত সুযোগ পাননি হোয়াইট। ২০২৩ সালে দুটি ওয়ানডে এবং একই বছরের শুরুতে তিনটি টেস্ট খেলেছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেকেই তিনটি উইকেট নিয়েছিলেন হোয়াইট। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুটি টেস্টে ইনিংস ব্যবধানে হারের সময় সম্মিলিতভাবে ৩২২ রান দিয়ে মাত্র একটি উইকেট পান তিনি। তার অভিষেকের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো ম্যাচ না খেলায় লাল বলের ক্রিকেটে অভিজ্ঞতার অভাব স্পষ্ট হয়ে ওঠে।
নিজের লিংকডইন অ্যাকাউন্টে অবসরের ঘোষণা দিয়ে হোয়াইট লেখেন, "অসাধারণ একটি যাত্রার পর পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি আনন্দিত। পারসোনিওতে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে নতুন দায়িত্ব নিয়েছি।"
তিনি আরও লেখেন, "বছরের পর বছর আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করা, তিন সংস্করণে খেলা এবং তিনটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার অভিজ্ঞতাগুলো সব সময়ই আমার জন্য অত্যন্ত গর্বের হয়ে থাকবে।"
আয়ারল্যান্ডের হয়ে খেলার সুযোগ করে দেওয়ার জন্য ক্রিকেট আয়ারল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হোয়াইট বলেন, "আমার দেশকে প্রতিনিধিত্ব করার এবং শৈশবের স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ায় ক্রিকেট আয়ারল্যান্ডকে অসংখ্য ধন্যবাদ। ক্রিকেট আমাকে যে স্মৃতি, শিক্ষা ও আজীবনের বন্ধুত্ব উপহার দিয়েছে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই যাত্রায় যারা আমার পাশে ছিলেন, তাদের সবার প্রতিও কৃতজ্ঞতা জানাই।"
আয়ারল্যান্ডের প্রধান কোচ গ্যারি উইলসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে হোয়াইটের অবসর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি বলেন, "বেন সব সংস্করণেই খেলেছে, তবে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্যই তাকে সবচেয়ে বেশি মনে রাখা হবে। বল থেকে বাড়তি বাউন্স আদায় করার ক্ষমতা এবং দুর্দান্ত গতিতে বল করার কারণে সে প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে উঠত।"
উইলসন আরও বলেন, "তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়া প্রমাণ করে, দলের কাছে সে কতটা মূল্যবান ছিল। নিজের ক্যারিয়ারে যা অর্জন করেছে, তা নিয়ে তার গর্বিত হওয়া উচিত।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন