প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ইউনিফর্ম পরা চার পুলিশ কর্মকর্তা একটি সহযোগীর সঙ্গে মিলে ডাকাতির ঘটনা ঘটিয়েছেন।
গত ২৯ আগস্টের পর থেকে চীনা নাগরিকদের লক্ষ্য করে এটি ছিল চতুর্থ ডাকাতির ঘটনা। এর মধ্যে তিনটি ঘটনায় অপরাধীরা নিজেদের পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছে। দুটি ঘটনার তদন্তে সংশ্লিষ্ট পুলিশের সদস্যদের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সর্বশেষ ঘটনাটি ঘটে যখন পুলিশের পোশাক পরা ডাকাতের একটি দল একটি বাড়িতে প্রবেশ করে ২০ লাখ রুপি নগদ অর্থ এবং ১৫ হাজার রুপি মূল্যের একটি মোবাইল ফোন লুট করে। এ ঘটনায় পাকিস্তান দণ্ডবিধির ৩৯৫ ধারায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই বাড়িতে দুই চীনা নাগরিক বসবাস করতেন। রাতের প্রায় ২টা ২০ মিনিটে পুলিশের পোশাক পরা একজন ব্যক্তি বাড়ির ভেতরে প্রবেশ করে কর্মচারীদের থাকার কক্ষে যান। সেখানে ঘুমিয়ে থাকা এক নিরাপত্তারক্ষী ও এক চালককে ডেকে বাইরে নিয়ে আসেন। পরে তাদের পুলিশের একটি গাড়ির কাছে নিয়ে যান।
গাড়িটিতে চারজন ছিল, যার মধ্যে তিনজন পুলিশের পোশাক পরা এবং অস্ত্রধারী ছিল। পরে তারা নিরাপত্তারক্ষী ও চালককে গাড়িতে তুলে বাড়ির ভেতরে নিয়ে যায়। এরপর অস্ত্রধারীরা জানালা দিয়ে বাড়িতে ঢুকে দুই চীনা নাগরিককে বন্দুকের মুখে জিম্মি করে। তারা বাড়ির ড্রয়িংরুমে ওই দুই নাগরিক, নিরাপত্তারক্ষী ও চালককে আটকে রেখে ২০ লাখ রুপি নগদ অর্থ লুট করে।
মামলা নথিভুক্ত করার পর পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করে। এরপর কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। গত মাসে ইসলামাবাদে ডাকাতির একটি চক্র পরিচালনার অভিযোগে তিন কর্মরত পুলিশ সদস্য ও তাদের কয়েকজন সহযোগীর নাম উঠে আসে।
গত ১৩ সেপ্টেম্বরের ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে তাদের জড়িত থাকার তথ্য সামনে আসে। ওই দিন পুলিশের পোশাক পরা অস্ত্রধারীরা জি-১০/৪ এলাকায় দুই চীনা নাগরিকের বাড়িতে ঢুকে ৮০ লাখ রুপি লুট করে নিয়ে যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন