প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত থেকে অবৈধ এবং নিষিদ্ধ সংগঠনের বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ রোধ করতে দিনাজপুর সীমান্তে বিজিবি ২৯ ব্যাটালিয়ন নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করেছে। একই সঙ্গে পুশ-ইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক পাচার প্রতিরোধের জন্য সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ-উজ-জামান।
ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, বিজিবির সদর দফতরের নির্দেশে দিনাজপুর সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ডিসেম্বর মাসের আগমনকে সামনে রেখে ২৯ বিজিবির আওতাধীন সীমান্তে নজরদারি আরও কঠোর করা হয়েছে।
তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিনরাত বিশেষ টহল এবং গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছে। রাতের সময় নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট বসানোর কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে। দিনে বা রাতে এলাকায় কোনো সন্দেহজনক গতিবিধি দেখা দিলে দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে।’
অন্যদিকে, অনুপ্রবেশ এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেন দেশে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে বিজিবির সঙ্গে সাহাপাড়া ও কামাড়পাড়া এলাকার বাসিন্দারাও রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন।
উল্লেখ্য, দিনাজপুর সেক্টরের অধীন দিনাজপুর ব্যাটালিয়ন, ফুলবাড়ী ব্যাটালিয়ন এবং জয়পুরহাট ব্যাটালিয়নের আওতায় ২১৮ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন