প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২৩ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে বিভিন্ন অনিয়মের কারণে। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাসি ও পচা খাবার সংরক্ষণ, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাদ্যে ব্যবহারের উদ্দেশ্যে শিল্পকারখানার রং বিক্রির।
আজ সোমবার নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
অভিযানের ফলস্বরূপ, ফজল দিন ইকবাল দিন নামক একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারের জন্য শিল্পকারখানায় ব্যবহৃত রং বিক্রির দায়ে এই জরিমানা করা হয়।
এছাড়া, পূরবী হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় রান্না করা পচা ও বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে। অভিযানে হোটেলটির ফ্রিজে বাসি সবজি, তরকারি, গ্রিল, বিরিয়ানিসহ বিভিন্ন খাবার পাওয়া যায়। এমনকি অন্যের খাওয়ার পর প্লেট থেকে তুলে রাখা ভাতের সঙ্গে মেশানো মাংসও সংরক্ষণ করতে দেখা যায়। খাবার তৈরি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের ক্ষেত্রে অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণও পাওয়া যায়।
অন্যদিকে, বিসমিল্লাহ ঝাল বিতানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেল ব্যবহার করে খাবার ভাজার দায়ে।
অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ মন্তব্য করেন, "জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।"
অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন