প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গরু চুরির অভিযোগে স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এই ঘটনার প্রেক্ষিতে উত্তেজিত জনতা অভিযুক্ত একজনের বাড়িতে অগ্নিসংযোগ করে। পুলিশের উপস্থিতিতে প্রথমে একটি গোয়ালঘরে এবং পরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর একটি বসতঘরে আগুন দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে রয়েছেন আজিজ মীরা, সাকিল হোসেন ও নয়ন শিকদার। তারা সকলেই শাহজিরা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আজিজ মীরার গোয়ালঘর থেকে চুরি হওয়া একটি গরু উদ্ধার করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ সময় আজিজ মীরার পরিবারের সদস্যদের সঙ্গে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ভোর ৪টার দিকে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
স্থানীয় বাসিন্দা আদম আলী শিকদার জানান, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় বুধবার রাত ৩টা পর্যন্ত তিনি নিজের গোয়ালঘর পাহারা দেন। পরে তিনি ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর গোয়ালঘরে গিয়ে একটি গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
রাতের বৃষ্টির কারণে মাটিতে গরুর পায়ের ছাপ স্পষ্ট থাকায় সেই ছাপ অনুসরণ করে তিনি আজিজ মীরার বাড়িতে যান। সেখানে গরু পালনের বিষয়ে জানতে চাইলে আজিজ তা অস্বীকার করেন। পরে তার গোয়ালঘর থেকে গরুর ডাক শুনে ভেতরে গিয়ে নিজের গরুটি শনাক্ত করেন বলে দাবি করেন আদম আলী।
এদিকে গ্রামের আরেক বাসিন্দা নাসির খান অভিযোগ করেন, ১০ দিন আগে তার একটি গরু হারিয়ে যায়। সকালে আজিজ মীরার বাড়িতে চোরাই গরু উদ্ধারের খবর পেয়ে সেখানে গিয়ে গোয়ালঘরের পাশে গোবরের স্তূপে গরুর রশি ও চামড়ার কিছু অংশ দেখতে পান। তার ধারণা, হারিয়ে যাওয়া গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে আজিজ মীরাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে সকাল ৭টার দিকে আজিজ মীরার গোয়ালঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও পার্শ্ববর্তী আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর উত্তেজিত জনতা আজিজ মীরার বসতঘরেও আগুন ধরিয়ে দেয়।
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিরা গরু চুরির সঙ্গে জড়িত কি না এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন